Logo

কাদা ছোড়াছুড়ি-চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই

profile picture
বিনোদন ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০৬
কাদা ছোড়াছুড়ি-চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই
ছবি: সংগৃহীত

বলিউডের বহুল আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বিভিন্ন সময় সহশিল্পীদের নিয়ে মন্তব্য কিংবা বিতর্কিত বক্তব্যের কারণে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক অবস্থানে দেখা গেল তাকে। তামিলনাড়ুর সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপের মধ্যে দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের পাশে দাঁড়িয়ে নারীর সম্মান ও অধিকার নিয়ে সরব হয়েছেন কঙ্গনা। একই সঙ্গে নারীর চরিত্রহননের প্রবণতা নিয়েও স্পষ্ট ও কঠোর বার্তা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকের নেতা উদয়নিধি স্ট্যালিনের একটি রাজনৈতিক সভায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সভায় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়কে নিয়ে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত ভিড়ের মধ্য থেকে অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে উদ্দেশ করে কুৎসিত ও আপত্তিকর স্লোগান দেওয়া হয়। একজন পরিচিত ও প্রথম সারির শিল্পীকে নিয়ে এমন অশালীন মন্তব্যের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনাটি সামনে আসার পর বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রকাশ্যে এমন আচরণের নিন্দা জানান। একই সঙ্গে নারীদের নিয়ে রাজনৈতিক বক্তব্যের সময় কুরুচিপূর্ণ মন্তব্য এবং ব্যক্তিগত বিষয় টেনে আক্রমণ করার প্রবণতা নিয়েও প্রশ্ন ওঠে।

বিজ্ঞাপন

এ ঘটনার পর বিজয়ও কঠোর অবস্থান নেন। নারীদের নিয়ে কোনো ধরনের নোংরা মন্তব্য করা কিংবা তাদের চরিত্রহননের চেষ্টা চালানো হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি। তার এই অবস্থানের মধ্যেই তৃষা কৃষ্ণানের প্রসঙ্গ সামনে এনে নিজের বক্তব্য জানালেন কঙ্গনা।

তৃষা কৃষ্ণানের বিষয়টি টেনে কঙ্গনা বলেন, ‘তামিলনাড়ুতে যা ঘটেছে, তা সবারই জানা। একজন অত্যন্ত সম্মানিত শিল্পীকে অহেতুক রাজনৈতিক টানাপোড়েনে জড়িয়ে অপমান করা হয়েছে। কোনো সম্পর্কে দুই পক্ষের সম্মতি থাকলেও, কাদা ছোড়াছুড়ি ও চরিত্রহননের ক্ষেত্রে সবসময় নিশানা করা হয় নারীকেই।’

কঙ্গনার এমন সহমর্মিতা ও স্পষ্টবাদী অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। বিনোদনপ্রেমীদের মতে, ব্যক্তিগত মতপার্থক্য ভুলে যেকোনো নারীর সম্মানের প্রশ্নে কঙ্গনার এই প্রতিবাদী ভূমিকা সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসনীয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD