Logo

রাস্তায় বের হলে অনেকে ‘ফুফু’ বলে ডাকে: দীপা খন্দকার

profile picture
বিনোদন প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২২:৩২
রাস্তায় বের হলে অনেকে ‘ফুফু’ বলে ডাকে: দীপা খন্দকার
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার দীর্ঘদিন ধরেই দর্শকের পরিচিত মুখ। একসময় নায়িকা চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। সময়ের সঙ্গে বয়স ও অভিনয়ের পরিধিতে পরিবর্তন এলেও অভিনয় থেকে দূরে সরে যাননি। বরং বোন, ভাবি, খালা, ফুফু কিংবা মায়ের মতো বিভিন্ন চরিত্রে অভিনয় করে নতুনভাবে দর্শকের ভালোবাসা অর্জন করছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ফুফু চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন দীপা খন্দকার। নাটকটির পাশাপাশি তার অভিনীত চরিত্রটিও দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এতটাই জনপ্রিয় হয়েছে যে, নাটকের চরিত্রের নামেই বাস্তব জীবনেও তাকে ডাকতে শুরু করেছেন অনেকে।

এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে দীপা খন্দকার বলেন, ‘এ নাটকের ফুফু চরিত্রটি এতটা জনপ্রিয় হবে, ভাবিনি। এখন রাস্তায় বের হলে অনেকেই আমার নাম না ধরে ‘ফুফু’ বলে ডাকে।’

অভিনেত্রীর মতে, বয়স ও জীবনের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে পর্দায় অভিনীত চরিত্রেও পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। নিজের বাস্তব জীবনের বয়স ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই পর্দায় চরিত্র উপস্থাপন করতে চান তিনি।

বিজ্ঞাপন

দীপা খন্দকার বলেন, ‘বাস্তব জীবনে আমি যেই স্টেজে থাকব, স্ক্রিনে আমি তো সেই চরিত্র বা বয়সটাই প্রেজেন্ট করব।’

বর্তমানে অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন দীপা খন্দকার। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এর পাশাপাশি ‘বকুলপুর’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’, ‘কর্মফল’সহ আরও বেশ কয়েকটি নাটকে কাজ করছেন এই অভিনেত্রী।

ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেছেন দীপা খন্দকার। এসব বিষয়ে তার বিস্তারিত কথোপকথন দেখা যাবে আগামীর সময়ের অনুষ্ঠান ‘স্টার স্টোরিজ’-এ। পান্থ আফজালের সঞ্চালনায় অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাত ৮টায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রচারিত হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD