Logo

যুক্তরাষ্ট্র থেকে ছেলে ফিরলেই দাফন করা হবে নাসিমা খানের মরদেহ

profile picture
বিনোদন প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, ১৪:৪৫
যুক্তরাষ্ট্র থেকে ছেলে ফিরলেই দাফন করা হবে নাসিমা খানের মরদেহ
ছবি: সংগৃহীত

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রপ্রবাসী বড় ছেলে দেশে ফেরার পরই তাঁর শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমান।

বিজ্ঞাপন

গত রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে মারা যান নাসিমা খান।

সনি রহমান জানান, রোববার রাতে উত্তরার লুবনা হাসপাতাল থেকে অভিনেত্রীর মরদেহ নেওয়ার পর গোসল করিয়ে ফ্রিজিং গাড়িতে রাখা হয়। সোমবার সকালে মরদেহ একটি হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হয়। তাঁর বড় ছেলে শাবাব নাসিম রহমান আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছাবেন। এরপর সেদিনই জানাজা ও দাফন সম্পন্ন হবে।

এদিকে অভিনেত্রীর ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশল গত কয়েক মাস ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ছেলেকে আর ফিরে পাওয়া হলো না, তার আগেই পৃথিবী ছেড়ে চলে গেলেন নাসিমা খান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন নাসিমা খান। তাঁর পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে। বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন তিনি।

ক্যারিয়ারে আনোয়ার হোসেন, হাসান ইমাম, রহমান, গোলাম মুস্তাফা ও আজিমের মতো খ্যাতিমান অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছেন নাসিমা খান। বাংলাদেশের চলচ্চিত্রে অবদানের পাশাপাশি তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরের চলচ্চিত্রেও সুনাম অর্জন করেছিলেন তিনি।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’। লাহোরে নির্মিত তাঁর উল্লেখযোগ্য সিনেমা ‘নয়ি লায়লা নয়া মজনু’, ‘গীত কাহিঁ সংগীত কাহিঁ’, ‘আঁসু বন গয়ে মোতি’ ও ‘রোড টু সোয়াত’।

বিজ্ঞাপন

স্বাধীনতার পর কিছুদিন রূপালি পর্দা থেকে দূরে থাকলেও টেলিভিশনে উপস্থাপনার মাধ্যমে আবারও দর্শকদের সামনে হাজির হন তিনি। দীর্ঘ বিরতির পর ২০১১ সালে ‘কুসুম কুসুম প্রেম’ চলচ্চিত্রে অভিনয় করেন নাসিমা খান। এটিই ছিল তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD