ভালো মানুষ ও রান্না করতে জানেন এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্য কিংবা অর্থবিত্তের চেয়ে মানুষের মন ও ব্যক্তিত্বকে বেশি গুরুত্ব দেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। তার প্রত্যাশা, সঙ্গী হবেন ভালো মনের মানুষ, যিনি নিজের ভুল বুঝতে পারবেন এবং তা সংশোধনের মানসিকতাও রাখবেন। আর জীবনসঙ্গী রান্না করতে জানলে সেটিকে বাড়তি পাওনা হিসেবেই দেখেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। ছবিটির প্রচারের অংশ হিসেবে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন অভিনেতা রবি দুবে।
অনুষ্ঠানে সিনেমা নিয়ে আলোচনার একপর্যায়ে সাই পল্লবীর ব্যক্তিজীবন সম্পর্কে জানতে চান সঞ্চালক অমিতাভ বচ্চন। বাস্তব জীবনে কেমন জীবনসঙ্গী পছন্দ করেন এবং একজন মানুষের মধ্যে কী কী গুণ থাকা জরুরি—এমন প্রশ্নের জবাবে নিজের ভাবনা তুলে ধরেন অভিনেত্রী।
সাই পল্লবী বলেন, ‘সবার আগে তাকে একজন ভালো মানুষ হতে হবে। তিনি যেন অতিরিক্ত স্বার্থপর না হন। এমন একজন মানুষ হতে হবে, যিনি নিজের কাজকর্ম নিয়ে ভাবনাচিন্তা করেন এবং আত্মসমালোচনা করতে জানেন। অর্থাৎ, জীবনে তিনি কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন, সে সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকা উচিত।’
বিজ্ঞাপন
নিজের ভুল স্বীকার ও সংশোধনের মানসিকতার ওপরও জোর দেন অভিনেত্রী। তিনি বলেন, ‘ভুল করতেই পারেন, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার মানসিকতাও থাকতে হবে। নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা চলবে না। আমার পছন্দের তালিকা খুব একটা বড় নয়। তাকে শুধু একজন ভালো মানুষ হতে হবে। আর তিনি যদি রান্না করতে জানেন, তাহলে তো ভালো।’
সাই পল্লবীর সহজ-সরল বক্তব্য শুনে মৃদু হাসেন অমিতাভ বচ্চন। অনুষ্ঠানে নিজের জীবনের আরও কিছু বিষয় নিয়েও কথা বলেন অভিনেত্রী। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা শেষ করেও কেন অভিনয়জগতে এসেছেন, সে প্রসঙ্গের পাশাপাশি ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার পর নিজের অনুভূতির কথাও জানান তিনি।








