Logo

যৌতুকের নির্মমতা নিয়ে সামিনার এআই প্রামাণ্যচিত্র ‘HER PRICE’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬, ১২:০২
যৌতুকের নির্মমতা নিয়ে সামিনার এআই প্রামাণ্যচিত্র ‘HER PRICE’
ছবি : এআই দিয়ে তৈরি

যৌতুককে কেন্দ্র করে পারিবারিক সহিংসতার নির্মম বাস্তবতা তুলে ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘HER PRICE | তার দাম’। সামিনা আক্তারের পরিচালনায় নির্মিত কাজটিকে বাংলাদেশের প্রথম এআই-পাওয়ার্ড ও হিউম্যান-ডিরেক্টেড ডকুমেন্টারি ফিল্ম হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রামাণ্যচিত্রটির প্রথম সংস্করণ ২০২৬ সালের ২৯ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয়। পরে ১৩ নভেম্বর প্রকাশ করা হয় বাংলা মূল সংস্করণ। এর দৈর্ঘ্য ২ মিনিট ৩৯ সেকেন্ড। পাশাপাশি ইংরেজি তথ্য সংশোধন করে ২ মিনিট ৩২ সেকেন্ডের একটি নতুন সংস্করণ প্রকাশ করা হয়েছে। নির্মাতার তথ্য অনুযায়ী, ২৯ অক্টোবরের প্রথম সংস্করণটি অপরিবর্তিত রাখা হয়েছে।

সামিনা আক্তার জানান, একটি সত্য ঘটনা অবলম্বনে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে। যৌতুককে ঘিরে পারিবারিক সহিংসতার ওই ঘটনা গত অক্টোবরে জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

তিনি বলেন, ‘জন-সচেতনতা তৈরির উদ্দেশ্যে এটি বানানো হয়েছে। সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে এতে কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি, কারও পরিচয়ও প্রকাশ করা হয়নি।’

নির্মাতার ভাষ্য অনুযায়ী, প্রামাণ্যচিত্রটির প্রতিটি দৃশ্য ও কণ্ঠ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। তবে গবেষণা, তথ্যের সূত্র যাচাই, চিত্রনাট্য লেখা, দৃশ্যের ক্রম নির্ধারণ, পরিচালনা ও সম্পাদনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মানুষ।

‘হিউম্যান-ডিরেক্টেড’ ধারণাটির ব্যাখ্যা দিতে গিয়ে সামিনা জানান, দৃশ্য ও কণ্ঠ তৈরিতে প্রযুক্তির ব্যবহার থাকলেও কী নির্মিত হবে এবং কোন তথ্য কীভাবে উপস্থাপন করা হবে, সেই সিদ্ধান্ত ও দায় মানুষের। প্রামাণ্যচিত্রে ব্যবহৃত তথ্যের সূত্র এবং যাচাই-সংক্রান্ত বিবরণও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যাতে আগ্রহীরা নিজেরাই সেগুলো যাচাই করতে পারেন।

সামিনা মনে করেন, এআই দিয়ে ভিডিও তৈরি এখন আর নতুন বিষয় নয়। গত দুই বছরে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও স্বল্পদৈর্ঘ্য কাহিনিনির্ভর নির্মাণে এ প্রযুক্তির ব্যবহার বেড়েছে। তবে প্রামাণ্যচিত্র নির্মাণের ক্ষেত্রে দায়িত্বের ধরন আলাদা। কারণ, এখানে উপস্থাপিত প্রতিটি তথ্যের পেছনে নির্ভরযোগ্য সূত্র থাকা জরুরি এবং দর্শক পর্দায় দেখানো ঘটনাকে বাস্তব বলে বিবেচনা করেন। বিশেষ করে সামাজিক সমস্যা নিয়ে সচেতনতামূলক কাজের ক্ষেত্রে দায়িত্বশীলতা আরও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ঘরোয়া সহিংসতা ও শিশু নির্যাতনের মতো অনেক ঘটনা বন্ধ দরজার আড়ালে ঘটে। পুরোনো অনেক ঘটনার কোনো ভিডিও বা দৃশ্যগত নথিও থাকে না। আবার আইনগত কারণে ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা প্রয়োজন হলে বিদ্যমান ফুটেজ ব্যবহার করাও সম্ভব হয় না। ফলে বাস্তব ঘটনা নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে দৃশ্য সংগ্রহ বড় বাধা হয়ে দাঁড়ায়।

সামিনার মতে, এআই প্রযুক্তির মাধ্যমে বাস্তব ব্যক্তির পরিচয় প্রকাশ না করেই এসব ঘটনার দৃশ্য প্রতীকীভাবে উপস্থাপন করা সম্ভব। এতে সংবেদনশীল বিষয় নিয়ে সচেতনতামূলক কাজের নতুন সুযোগ তৈরি হয়েছে।

প্রযুক্তিটির সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, প্রযুক্তিটা এখন আমাদের হাতের নাগালে। প্রশ্ন হলো, আমরা এটা দিয়ে কী বানাব? নৈতিকতা বজায় রেখে, সত্য ঘটনার ভিত্তিতে সচেতনতামূলক কাজ এ দেশে আরও অনেক বেশি হওয়া দরকার। আমি নিজেও আরও বানাতে চাই।

উল্লেখ্য, সামিনা আক্তার একজন উদ্যোক্তা, এআই চলচ্চিত্র নির্মাতা ও ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট। তিনি মুগলি ডিজিটালের সহ-প্রতিষ্ঠাতা। নারী ও শিশু নিরাপত্তা নিয়ে সত্য ঘটনা অবলম্বনে ধারাবাহিক প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে ‘HER PRICE | তার দাম’ তাঁর প্রথম কাজ। ভবিষ্যতেও এ ধরনের নির্মাণ অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD