লেবাননে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৮ এপ্রিল) মাত্র ১০ মিনিটের ব্যবধানে প্রায় ৫০টি যুদ্ধবিমান দিয়ে বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০ বারের বেশি বোমাবর্ষণ করা হয়। এ হামলায় প্রাণ হারান ৩০০ জনের বেশি মানুষ এবং আহত হন দেড় হাজারেরও বেশি।
বিজ্ঞাপন
এই হামলার পর আরও বড় আক্রমণের আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েল, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
এ অবস্থায় লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেওয়া এক বার্তায় বৈরুতের অন্তত ১৪টি এলাকা দ্রুত ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সতর্কবার্তায় বলা হয়েছে, বৈরুতের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার ঝুঁকি রয়েছে, তাই নিরাপত্তার স্বার্থে বাংলাদেশিদের এসব এলাকা এড়িয়ে চলতে হবে।
যেসব এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে সেগুলো হলো— সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড, আল-উযায়ী, আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ এবং বাদারো (আল-শিয়ার কাছাকাছি)।
পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাওয়ায় প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।








