Logo

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৪ এপ্রিল, ২০২৬, ১১:০৩
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেফতার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক মর্মান্তিক ঘটনায় নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টা ১৪ মিনিটে শহরের ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডের একটি গ্যাস স্টেশনের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত নীলুফার ইয়াসমিন ওই স্টেশনের কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘাতক রোলবার্ট জোয়াচিন (৪০) প্রথমে নীলুফারের ব্যক্তিগত গাড়ির উইন্ডশিল্ড হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন। পরে দোকান থেকে বেরিয়ে আসা নীলুফারকে ‘গিভ মি মাই মানি’ বলে চিৎকার করে হাতুড়ি দিয়ে মাথায় সজোরে আঘাত করেন। হামলার পরপরই তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয়েছিল দুদিন আগে, গত মঙ্গলবার (৩১ মার্চ)। সেদিন জোয়াচিন গ্যাস স্টেশনের এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে ক্যাশিয়ার নীলুফারের কাছে টাকা দাবি করেন। নীলুফার তাকে জানান যে, এটিএম মেশিনের দায়িত্ব তার নয়। এতে ক্ষিপ্ত হয়ে জোয়াচিন চলে গেলেও বৃহস্পতিবার সকালে ফিরে এসে এই হামলা চালান।

ফোর্ট মায়ার্স পুলিশ বিভাগ ঘটনার অল্প সময়ের মধ্যেই অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে ম্যাঙ্গো ও রেলি স্ট্রিট এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় সম্ভাব্য ঝুঁকি এড়াতে স্থানীয় তিনটি স্কুলে সাময়িক লকডাউন জারি করা হয়। বর্তমানে তিনি লি কাউন্টি জেলে আটক রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাকে জামিনবিহীন কারাবাসের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

নীলুফার ইয়াসমিনের গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি মাত্র তিন মাস আগে ওই গ্যাস স্টেশনের কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন। তার ১৬ ও ২০ বছর বয়সী দুই কন্যাসন্তান রয়েছে।

পুলিশ সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে দ্রুত ঘাতককে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনাটি স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD