মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাম্পুং তোক মুদার জালান জানাকুয়াসা এলাকার একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ৩০ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের পর আগুনে তার পুরো শরীর ঝলসে যায়। পরে চিকিৎসাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত বাংলাদেশি শ্রমিকের নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন সহকারী পরিচালক আশরুল রিজাল আসবার জানান, স্থানীয় সময় শনিবার সকাল ৮টা ১৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান। খবর পাওয়া মাত্রই কাপার ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) থেকে সাত সদস্যের একটি উদ্ধারকারী দল অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী যানসহ (এফআরটি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মারাত্মক দগ্ধ অবস্থায় ওই বাংলাদেশি যুবককে উদ্ধার করেন। পরে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের (কেকেএম) দায়িত্বরত চিকিৎসাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।
কারখানায় বয়লার বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অগ্নিনির্বাপণ বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের কারণ এবং এ ঘটনায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।








