কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন। স্থানীয় সময় শনিবার (২০ জুন) সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
নিহত বাংলাদেশিরা হলেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। নিহত অপরজন ভারতীয় নাগরিক।
জানা যায়, একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। পরে মরদেহগুলো স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়।
বিজ্ঞাপন
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানিয়েছেন, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।








