Logo

ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ দেশে ফিরছে আজ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে, ২০২৬, ১৮:১০
ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ দেশে ফিরছে আজ
ছবি: সংগৃহীত

ওমানে গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের চার ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে পৌঁছাবে। দাফনের জন্য তাদের গ্রামের বাড়িতে আগে থেকেই পাশাপাশি চারটি কবর খনন করে প্রস্তুত রাখা হয়েছে। বুধবার (২০ মে) জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মে) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজ পাড়া জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে কবর খননের কাজ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের ভাই এনামুল হক এনাম।

তিনি জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে রাত ১০টার দিকে ফ্রিজার অ্যাম্বুলেন্সে মরদেহ রাঙ্গুনিয়ার গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হবে। সবকিছু ঠিক থাকলে বুধবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে মরদেহ বাড়িতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এনামুল হক এনাম আরও জানান, এখনো জানাজার নির্দিষ্ট সময় ঠিক হয়নি। তবে বুধবার হোসনাবাদ লালানগর উচ্চবিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি রয়েছে। জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৭২২ মঙ্গলবার ওমানের মাস্কাট থেকে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে। একই ফ্লাইটে নিহতদের এক স্বজন মো. ফজলুল হকও দেশে ফিরছেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী জানান, মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ওমান সরকার ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দ্রুত এসব কার্যক্রম শেষ করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় মরদেহ পরিবহনের কার্গো খরচ বহন করা হচ্ছে। পাশাপাশি ওমান চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে হাসপাতালের হিমঘর বিল, কাফন, গোসল ও দাফনের প্রস্তুতিসহ সব ব্যয় বহন করা হয়েছে। পরিবারের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ১৩ মে রাতে ওমানের আল বাতিনাহ প্রদেশের আল মুলাদ্দাহ আল মোছানা এলাকায় গাড়ির এসির বিষাক্ত গ্যাসে একই পরিবারের চার ভাই—রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম—নিহত হন। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বন্দারাজ পাড়ার বাসিন্দা।

বিজ্ঞাপন

এদিকে, এখনো পুরো ঘটনা পরিবারের অসুস্থ বৃদ্ধা মাকে সম্পূর্ণভাবে জানানো হয়নি। দুই সন্তানের মৃত্যুর খবর জানার পর থেকেই পরিবারের সদস্য ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম, পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD