ভাইয়ের বিয়ের কেনাকাটায় বের হয়ে প্রাণ গেল ওমানপ্রবাসী চার ভাইয়ের

ওমানে গাড়ির ভেতর থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তারা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। জানা গেছে, দেশে থাকা এক ভাইয়ের বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে একসঙ্গে বের হয়েছিলেন তারা।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসি বিস্ফোরণ কিংবা গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে ওমান পুলিশ।
নিহত চার ভাই হলেন রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তাদের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের মাতম নেমে এসেছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, চার ভাইয়ের মধ্যে দুজনের শিগগিরই দেশে ফেরার কথা ছিল। দেশে থাকা আরেক ভাইয়ের বিয়ে ঠিক হওয়ায় তার বিয়ের কেনাকাটা করতে ওমানে একসঙ্গে বের হন তারা।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১২ মে) রাতে ওমানের মুলাদ্দা এলাকায়। বুধবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গাড়ির ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে।
লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব জানান, ওমানে থাকা একই এলাকার বাসিন্দা বাবুর মাধ্যমে তারা এ ঘটনার খবর পান। বাবুর বরাত দিয়ে তিনি বলেন, কেনাকাটার জন্য বের হওয়ার পর মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতরে চার ভাইকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত
তিনি আরও জানান, মঙ্গলবার রাতেই ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে গাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে এসি চালু রেখে ঘুমিয়ে পড়ার সময় গ্যাস লিকেজ থেকে বিষক্রিয়া হয়ে তাদের মৃত্যু হতে পারে। যদিও প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
ইয়াকুব আরও বলেন, নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে বাবু ওমান পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন। বর্তমানে মরদেহগুলো রুস্তাক থানা হেফাজতে রাখা হয়েছে। পরে সেগুলো মাস্কাটে নেওয়া হবে বলে জানা গেছে।








