যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার (৬ এপ্রিল) নিউইয়র্ক সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে আলবানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
নিহত তিনজন হলেন— কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হেরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং নড়াইলের ফাহিম আলিম (২৭)। নিহত হেরামন ও নাজমুল বাবা-ছেলে সম্পর্কে। ফাহিম নাজমুলের বন্ধু ছিলেন। তারা সবাই নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন।
আহতরা হলেন— নিহত হেরামনের বড় মেয়ে রত্না (৩৩) ও তার নাতনি ইকরা (১ বছর)। তারা আলবানি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা একটি প্রাইভেটকারে করে ঘুরতে বেরিয়েছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল রোবেল। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের মাঝের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
নিহত হেরামনের ছোট বোন রাজিয়া বেগম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের জানাজার নামাজ বুধবার (৮ এপ্রিল) নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে (২৩৫১ অ্যাভিনিউ, ব্রনক্স, নিউইয়র্ক) অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাদের নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেট্রিতে দাফন করা হবে।
বিজ্ঞাপন
রাজিয়া বেগম নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।








