প্রবাসীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে

প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (১৫ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীর মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
মন্ত্রী জানান, প্রবাসে থাকা বাংলাদেশিদের সুরক্ষা ও কল্যাণে সরকার বিশেষভাবে কাজ করছে। বাহরাইনে নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ সৎকারের জন্য তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ওয়ারিশ সনদ প্রাপ্তি সাপেক্ষে পরিবারকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, বিদেশগামী কর্মীদের অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর মাধ্যমে নিবন্ধন করে বিদেশ যাওয়া উচিত। এতে তারা সরকারি তালিকাভুক্ত থাকেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়া সম্ভব হয়।
বিজ্ঞাপন
এর আগে সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন বাণিজ্যমন্ত্রী এবং পরে তা পরিবারের কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, নিহত গিরিশ চন্দ্র সূত্রধর সিলেট জেলার সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কিছুদিন আগে বাহরাইনে কর্মরত অবস্থায় মারা যান।








