Logo

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

profile picture
জনবাণী ডেস্ক
২৩ এপ্রিল, ২০২৬, ১৮:০৯
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগের বরাতে এ তথ্য প্রকাশ করে এনবিসি নিউজ। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন জামিল লিমন (২৭) ও নাহিদা এস বৃষ্টি (২৭)।

পুলিশের তথ্য অনুযায়ী, ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি অধ্যয়নরত জামিল লিমনকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফ্লোরিডার টাম্পায় তার বাসভবনে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় হিলসবরো কাউন্টি শেরিফস অফিসে নিখোঁজ সংক্রান্ত প্রতিবেদন নথিভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, অন্যদিকে রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়। বিশ্ববিদ্যালয় পুলিশ তার নিখোঁজের ঘটনাও নথিভুক্ত করেছে।

এই দুই শিক্ষার্থী একে অপরের বন্ধু এবং তারা একসঙ্গে থাকতে পারেন বলে জানিয়েছে পুলিশ। তবে নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবার বলছে, তাদের এমনভাবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কথা নয়।

লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ এনবিসি নিউজকে বলেন, লিমন খুব দায়িত্বশীল মানুষ। কাউকে না জানিয়ে তার কোথাও চলে যাওয়ার প্রশ্নই ওঠে না।

বিজ্ঞাপন

বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত বলেন, তার বোন প্রতিদিন পরিবারের সঙ্গে কথা বলতেন এবং নিখোঁজ হওয়ার দিনও তার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা হয়েছে। সে এমন কিছুই করবে না, যা আমাদের কষ্ট দেবে।

পরিবারের সদস্যরা আরও বলেন, লিমন ও বৃষ্টির মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল এবং ভবিষ্যৎ নিয়েও তাদের ভাবনা ছিল, যদিও সাম্প্রতিক সময়ে তারা আনুষ্ঠানিক কোনো সম্পর্কে ছিলেন না।

বিজ্ঞাপন

এনবিসি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিখোঁজ হওয়ার দিন বৃষ্টি তার ল্যাপটপ, আইপ্যাডসহ অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র বিশ্ববিদ্যালয়ের ল্যাবে রেখে যান। তার সঙ্গে কেবল মোবাইল ফোন ও পার্স ছিল না। অন্যদিকে, লিমনের পাসপোর্ট তার বাসা থেকেই উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘিরে উদ্বেগ বাড়ছে পরিবার ও সংশ্লিষ্ট মহলে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানা গেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD