দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে টাঙ্গাইলের যুবক নিহত

জীবন-জীবিকার তাগিদে প্রায় ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান সুমন (৩৫) নামের এক বাংলাদেশি যুবক। দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে নিরলস পরিশ্রম করে আসছিলেন তিনি। ২০২৫ সালে পরিবারের টানে ছুটিতে দেশে ফিরেছিলেন সুমন। কিছুদিন স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে একই বছরের অক্টোবর মাসে আবারও দক্ষিণ আফ্রিকায় ফিরে যান।
বিজ্ঞাপন
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার প্রতিদিনের মতো বাজার করতে দক্ষিণ আফ্রিকার নিউ ক্যাসেল টাউনে যান সুমন। বাজার শেষ করে নিজ দোকানে ফেরার পথে একদল দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে। পরে তারা এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নিহত সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশীনগর গ্রামের মইজ উদ্দিনের ছেলে। তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
বিজ্ঞাপন
পরিবারের সদস্যরা জানান, সুমন ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তার আয় দিয়েই চলত পরিবারের খরচ। বিদেশের মাটিতে এভাবে প্রাণ হারানোর ঘটনায় হতবাক স্থানীয়রাও। এলাকায় শোকের মাতম চলছে।








