Logo

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ মে, ২০২৬, ১৫:৫৯
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জমির শেখ, জাফর আলম ও ফজলুর রহমান। তাদের মধ্যে জমির শেখের বাড়ি ঝিনাইদহের মহেশপুরে এবং জাফর আলম কক্সবাজারের উখিয়া উপজেলার হাজীরপাড়া ইউনিয়নের টাইংগাকাটা এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, নির্মাণশ্রমিক জাফর আলম ডিংকেল এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় গত মঙ্গলবার অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে সহকর্মীরা নিশ্চিত করেন।

অন্যদিকে, কুয়ালালামপুরের কাছে কেলাং এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে একটি লরি যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের মাঝখানে থেমে গেলে সাহায্যের জন্য আরেকটি লরি ও একটি পিকআপ ভ্যান থামে। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলোতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন, যাদের একজন বাংলাদেশি শ্রমিক এবং অপরজন স্থানীয় নাগরিক।

বিজ্ঞাপন

এ ছাড়া সারাওয়াক প্রদেশের মেরাডং এলাকায় আরেকটি দুর্ঘটনায় বাংলাদেশি নির্মাণশ্রমিক ফজলুর রহমান (৪০) নিহত হন। পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি লরি তাকে ধাক্কা দেয়। মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুটি সড়ক দুর্ঘটনাতেই অতিরিক্ত গতি ও অসাবধানতা প্রাথমিক কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তদন্ত চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD