Logo

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মে, ২০২৬, ২০:০২
যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার ও শনাক্ত করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

শুক্রবার (১ মে) ফ্লোরিডা পুলিশ বিভাগের পক্ষ থেকে বৃষ্টির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে এ তথ্য নিশ্চিত করা হয়। ফোনে তার ভাইকে জানানো হয়, উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বৃষ্টিরই।

পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের পক্ষ থেকে মরদেহটি দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। এ লক্ষ্যে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।

বিজ্ঞাপন

এর আগে একই ঘটনায় ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে আরও কিছু দেহাবশেষও পাওয়া যায়, যা তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জানা যায়, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন (২৭) ও বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। প্রায় আট দিন নিখোঁজ থাকার পর ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় লিমনের রুমমেট, যুক্তরাষ্ট্রের নাগরিক হিশাম আবুঘরবিয়াকে তার পারিবারিক বাসা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালো রঙের আবর্জনার ব্যাগের ভেতর থেকে লিমনের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ।

এদিকে, বৃহস্পতিবার টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়ার মসজিদে জামিল আহমেদ লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। বিষয়টি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।

ঘটনাটি নিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে কাজ করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD