Logo

হিশামের বিষয়ে আগেই পুলিশকে সতর্ক করেছিল পরিবার

profile picture
জনবাণী ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৪
হিশামের বিষয়ে আগেই পুলিশকে সতর্ক করেছিল পরিবার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হওয়া হিশাম আবুঘারবিয়েহকে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। তার পরিবারের সদস্যরা দাবি করেছেন, হিশামের অস্বাভাবিক ও আক্রমণাত্মক আচরণ নিয়ে তারা আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছিলেন।

বিজ্ঞাপন

সন্দেহভাজনের ছোট ভাই আহমদ আবুঘারবিয়েহ মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তার বড় ভাইয়ের আচরণ ছিল অস্থির এবং হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা ছিল প্রবল। এমন মানসিক অবস্থায় তার অন্যদের সঙ্গে একই বাসায় থাকা নিরাপদ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

আহমদের ভাষ্য অনুযায়ী, হিশাম যে রুমমেটদের সঙ্গে বসবাস করছিলেন, সে বিষয়ে তিনি আগে অবগত ছিলেন না। তার মতে, হিশামের একা থাকা বা আলাদা পরিবেশে থাকার প্রয়োজন ছিল।

বিজ্ঞাপন

২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়েহ বর্তমানে তার রুমমেট জামিল লিমন (২৭) ও নাহিদা বৃষ্টি (২৭)-এর হত্যার অভিযোগে দুটি প্রথম-ডিগ্রি হত্যাকাণ্ডের মামলার মুখোমুখি। গত শুক্রবার লিমনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বৃষ্টিকে খুঁজতে গিয়ে মানবদেহের কিছু অংশ পাওয়া যায়, যদিও সেগুলো এখনো তার বলে নিশ্চিত করা হয়নি। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, টাম্পা বে অঞ্চলের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের আশপাশ থেকে মরদেহের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

ঘটনার দিন সকালে হিশাম আচমকা পরিবারের বাড়িতে উপস্থিত হলে তার অস্বাভাবিক আচরণে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা পুলিশে ফোন করেন, যার মধ্যে আহমদ নিজেও ছিলেন।

আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সাল থেকে পরিবারের সঙ্গে হিশামের যোগাযোগ ছিল না। অতীতে তার বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগও উঠেছিল। এক ঘটনায় তার ছোট বোন অভিযোগ করেন, হিশাম অস্বাভাবিক আচরণ করে তার প্রতি অনাকাঙ্ক্ষিতভাবে এগিয়ে আসেন, তবে তিনি নিজেকে রক্ষা করতে সক্ষম হন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের সময় হিশাম অস্বাভাবিক অবস্থায় ছিলেন এবং নাটকীয়ভাবে তাকে আটক করা হয়।

আহমদ আবুঘারবিয়েহ জানান, অতীতে তিনি তার ভাইয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। এমনকি সুরক্ষামূলক আদেশের জন্য আবেদনও করেছিলেন। ২০২৩ সালে একটি আবেদন মঞ্জুর হলেও ২০২৫ সালের আরেকটি আবেদন আদালত খারিজ করে দেয়।

তিনি আরও বলেন, আর্থিক সীমাবদ্ধতার কারণে আগের অভিযোগটি এগিয়ে নিতে পারেননি, যা পরে তার জন্য অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়।

বিজ্ঞাপন

পরিবারের পক্ষ থেকে নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আহমদ বলেন, এই ঘটনার জন্য তারা লজ্জিত ও ব্যথিত।

এদিকে, অভিযুক্তের পক্ষে হিলসবরো কাউন্টি পাবলিক ডিফেন্ডারের কার্যালয় আইনি সহায়তা দিচ্ছে। তারা জানিয়েছে, ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে এ মুহূর্তে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে চায় না।

বিজ্ঞাপন

অন্যদিকে, প্রসিকিউশন পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি সমাজের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারেন এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে জামিন ছাড়াই আটক রাখা উচিত।

স্টেট অ্যাটর্নি সুজি লোপেজ নিহত দুই শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে এবং ঘটনার পূর্ণ সত্য উদঘাটনে প্রতিশ্রুতিবদ্ধ।

তবে পুরো ঘটনায় এখনো তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD