Logo

সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন চুয়াডাঙ্গার এলিজা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১৫
সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন চুয়াডাঙ্গার এলিজা
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে নতুন মাইলফলক গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। নিউ সাউথ ওয়েলসের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার দর্শনার এই কন্যা। অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে বাংলাদেশি কোনো নারীর ডেপুটি মেয়র হওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

৮ সেপ্টেম্বর রাতে ক্যামডেন সিটি কাউন্সিলকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে ডেপুটি মেয়র নির্বাচিত হন এলিজা। ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এবার তিনি পেলেন আরও বড় নেতৃত্বের দায়িত্ব।

নির্বাচনের পর নিজের প্রতিক্রিয়ায় এলিজা আজাদ বলেন, ‘দলীয় সমর্থনের পাশাপাশি কাউন্সিলরদের সরাসরি ভোটে এই দায়িত্ব পাওয়ায় স্থানীয় নাগরিকদের প্রতি আমার দায়বদ্ধতা ও কাজের পরিধি আরও বাড়ল।’

অস্ট্রেলিয়ার নাগরিক এলিজা আজাদের শিকড় বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনায়। তিনি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আজাদুল ইসলামের মেয়ে।

বিজ্ঞাপন

দুই দশকেরও বেশি সময় আগে শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এলিজা। পরে দেশটির বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন কাজ করার পর ২০২৪ সালে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

অস্ট্রেলিয়ার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিল না বলে জানিয়েছেন এলিজা। তাঁর ভাষায়, এই পথচলায় স্বামী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিরবচ্ছিন্ন সহযোগিতা পেয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশি এবং বিভিন্ন স্থানীয় সাংস্কৃতিক কমিউনিটির সমর্থনও তাঁকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।

রাজনীতিতে নারীদের আরও বেশি অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন এলিজা আজাদ। তিনি চান, আরও বেশি নারী রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে এগিয়ে আসুক এবং নিজেদের সক্ষমতা তুলে ধরুক।

বিজ্ঞাপন

এলিজার ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার খবরে সিডনির বাংলাদেশি কমিউনিটিতেও উচ্ছ্বাস দেখা দিয়েছে। সিডনির ডেনহ্যাম কোর্টের বাসিন্দা বোরহান খান লিমন বলেন, এলিজা দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করছেন। স্থানীয় সরকারের এই দায়িত্বে থেকে তিনি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরার পাশাপাশি সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা করেন তিনি।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে এর আগেও বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এবং মাসুদ খলিল ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মাসুদ চৌধুরীও ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্বে রয়েছেন।

চুয়াডাঙ্গার দর্শনা থেকে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের নেতৃত্বে উঠে আসা এলিজার এই অর্জন বাংলাদেশি প্রবাসী সমাজের পাশাপাশি দেশের নারীদের জন্যও নতুন অনুপ্রেরণার বার্তা দিচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD