বাড়ি ফেরার আনন্দ নিয়ে রওনা, গন্তব্যের আগেই ৪ প্রবাসীর স্বপ্ন শেষ

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দার উদ্দেশে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। দেশে ফেরার জন্য তাদের হাতে বিমানের টিকিট থাকলেও শেষ পর্যন্ত সেই বিমানে আর ওঠা হয়নি। জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।
বিজ্ঞাপন
স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত চার বাংলাদেশি প্রবাসী জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে গাড়িতে করে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে হঠাৎ করে গাড়িটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চার বাংলাদেশির মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত চারজনের বাড়িই বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। তারা সৌদি আরবে কর্মরত ছিলেন এবং দেশে ফেরার প্রস্তুতি হিসেবে জেদ্দা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। তবে দেশে ফেরার আগেই সড়ক দুর্ঘটনায় তাদের করুণ মৃত্যু হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন-করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় কমিউনিটি ও প্রশাসন কাজ করছে।
বিমানবন্দরে যাওয়ার পথে আকস্মিক এ দুর্ঘটনায় চার বাংলাদেশির প্রাণহানির ঘটনায় সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নিহতদের নিজ এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।
নিহত অপর দুজনের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহ দেশে ফেরত পাঠানোসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।
বিজ্ঞাপন








