Logo

ই-হেলথ কার্ড চালুর সম্ভাব্য তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ, ২০২৬, ২১:১৩
ই-হেলথ কার্ড চালুর সম্ভাব্য তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও সমন্বিত করতে আগামী জুনের মধ্যেই জাতীয় ই-হেলথ কার্ড চালুর সম্ভাবনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

বুধবার (১১ মার্চ) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী কর্মশালার সমাপনী অধিবেশনে তিনি বলেন, সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোগ হিসেবে ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মশালাটি আয়োজন করেছে আইসিটি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এতে স্বাস্থ্য খাতের কর্মকর্তা এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ই-হেলথ কার্ড চালু হলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা উপকৃত হবে। একজন রোগী গ্রাম বা শহর যেখানেই চিকিৎসা নেন না কেন, চিকিৎসকরা তার প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য দেখতে পারবেন। এতে রোগ নির্ণয় ও চিকিৎসা দ্রুত ও কার্যকর হবে।

তিনি আরও বলেন, ই-হেলথ আইডি স্বাস্থ্য খাতে মৌলিক পরিচয় কাঠামো হিসেবে কাজ করবে। এর মাধ্যমে একজন ব্যক্তিকে নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হবে এবং হাসপাতাল, ক্লিনিক ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে চিকিৎসাসংক্রান্ত তথ্য নিরাপদভাবে বিনিময় করা যাবে।

মন্ত্রী জানান, সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের মধ্যে ফ্যামিলি কার্ড ইতিমধ্যে চালু হয়েছে। বাকি দুটি—ই-হেলথ কার্ড ও কৃষক কার্ডের কাজও এগিয়ে চলছে। এই বছরের জুনের শেষ নাগাদ ই-হেলথ কার্ড চালু করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সমাপনী দিনে হেলথ আইডি, ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড (ইএমআর) ও শেয়ারেবল হেলথ রেকর্ড (এসএইচআর) বাস্তবায়নের প্রযুক্তিগত সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং প্রাতিষ্ঠানিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থায় আন্তঃকার্যকারিতা নিশ্চিত হলে স্বাস্থ্যসেবা আরও দক্ষ, নির্ভুল ও সহজপ্রাপ্য হবে। এতে রোগীর তথ্য ব্যবস্থাপনা উন্নত হবে এবং তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ সহজ হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD