Logo

আসাদগেট-শ্যামলীর সব ক্লিনিক ৭ দিনের মধ্যে পরিদর্শনের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ, ২০২৬, ১৪:০৬
আসাদগেট-শ্যামলীর সব ক্লিনিক ৭ দিনের মধ্যে পরিদর্শনের নির্দেশ
ছবি: সংগৃহীত

রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত সব বেসরকারি ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে কঠোর নজরদারির আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যেই এই এলাকার প্রতিটি ক্লিনিক পরিদর্শন সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটি কোনো স্বল্পমেয়াদি কার্যক্রম নয়; বরং ধারাবাহিকভাবে সারা দেশে চালানো হবে।

তিনি স্পষ্ট করে জানান, এই অভিযানের মূল লক্ষ্য প্রতিষ্ঠান বন্ধ করা বা শাস্তি দেওয়া নয়, বরং জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা। তবে কোথাও অনিয়ম বা অবহেলার প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিদর্শনের সময় যেসব প্রতিষ্ঠানে সেবার মান উন্নয়নের সুযোগ রয়েছে, সেখানে তা বাস্তবায়নে নির্দেশনা দেওয়া হবে। আর গুরুতর অবহেলা ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এই তদারকি কার্যক্রম শুরু হলে অন্যান্য প্রতিষ্ঠানও সতর্ক হবে বলে আশা করা হচ্ছে। কেবল রাজধানীতে সীমাবদ্ধ না রেখে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়েও এই কার্যক্রম বিস্তৃত করা হবে। এ ক্ষেত্রে সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্পৃক্ত করা হবে।

বিজ্ঞাপন

কোনো প্রতিষ্ঠানে ত্রুটি ধরা পড়লে প্রথমে নোটিশ দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হবে বলে জানান মন্ত্রী। যন্ত্রপাতি বা অবকাঠামোগত ঘাটতি থাকলে তা পূরণের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্সসংক্রান্ত শর্ত পূরণ না করলে সংশ্লিষ্ট হাসপাতাল বা ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, স্বাস্থ্যখাতে অনিয়ম বা দুর্নীতির কোনো সুযোগ নেই। জনগণের সেবা ব্যাহত করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। এ বিষয়ে সরকার ‘শূন্য সহিষ্ণুতা’ নীতিতে অটল রয়েছে বলেও জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD