Logo

স্বাস্থ্যখাতে তহবিল সংকট, নেই গজ-ব্যান্ডেজ-সিরিঞ্জ কেনার টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ, ২০২৬, ২১:০২
স্বাস্থ্যখাতে তহবিল সংকট, নেই গজ-ব্যান্ডেজ-সিরিঞ্জ কেনার টাকা
ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্যখাতে তীব্র আর্থিক সংকটের কথা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে উন্নয়নমূলক কাজ তো দূরের কথা, উপজেলা পর্যায়ে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জের মতো মৌলিক চিকিৎসা সামগ্রী কেনার মতো টাকাও নেই।

বিজ্ঞাপন

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন। ওই প্রশ্নে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়টি উত্থাপন করা হয়।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীত সরকারের সময় স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম, লুটপাট ও অব্যবস্থাপনার কারণে বর্তমানে এ খাত চরম সংকটে পড়েছে। অনেক হাসপাতাল নির্মাণাধীন থাকলেও সেগুলোর নকশা ও পরিকল্পনায় গুরুতর ত্রুটি রয়েছে।

বিজ্ঞাপন

উদাহরণ হিসেবে তিনি বলেন, কোথাও কোথাও হাসপাতালের প্রবেশপথের পাশেই বাথরুম নির্মাণ করা হয়েছে, যা রোগী ও দর্শনার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, দ্রুত অর্থ উপার্জনের উদ্দেশ্যে নিম্নমানের পরিকল্পনায় এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল। ফলে অবকাঠামোগত উন্নয়ন কার্যকর হয়নি এবং জনগণ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। আগামী বাজেটের পর সীমিত সম্পদের মধ্যেই ধাপে ধাপে দেশের সব উপজেলায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, জনগণের দোরগোড়ায় ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য, এবং উপলব্ধ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেই এই লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা চালানো হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD