Logo

ফ্যাসিস্ট আমলে উন্নয়নের আড়ালে হয়েছে চরম অনিয়ম: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ, ২০২৬, ২০:২১
ফ্যাসিস্ট আমলে উন্নয়নের আড়ালে হয়েছে চরম অনিয়ম: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের অবকাঠামো, বিশেষ করে গ্রামীণ সড়ক ব্যবস্থার প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিগত সরকারের সময়ে উন্নয়ন কার্যক্রমের আড়ালে দুর্নীতি এতটাই বিস্তৃত ছিল যে এর প্রভাব এখনো বিভিন্ন খাতে দৃশ্যমান।

বিজ্ঞাপন

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আগের সরকারের সময় উন্নয়ন তহবিলের অপব্যবহার হয়েছে এবং অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা নিজেদের এলাকায় সেই অর্থ সরিয়ে নিয়েছেন। ফলে উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলের সড়কগুলো অবহেলিত অবস্থায় পড়ে আছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সরকার ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থান নেবে। বিশেষ করে গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে। কাঁচা সড়কগুলো ধাপে ধাপে পাকা করার উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলীমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতের সীমাহীন দুর্নীতি, অনিয়ম এবং স্বজনপ্রীতির কারণে গ্রামীণ সড়ক উন্নয়ন থমকে ছিল। এখনো বহু এলাকায় রাস্তা কাঁচা রয়েছে, যা দ্রুত উন্নয়নের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০০৮ সাল থেকে ঢাকা মহানগরে মোট ১২১টি সড়কের নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় ৮৩টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে ৩৮টি সড়ক রয়েছে। এসব সড়ক, ভবন ও স্থাপনার নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, বিশিষ্ট সাংবাদিক এবং চব্বিশের জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে।

সরকারের এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় সরকারমন্ত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD