জয়পুরহাটে হামের প্রকোপ বাড়ছে

জয়পুরহাটে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নতুন করে হামের উপসর্গ নিয়ে ৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে মোট ১৬ জন হামে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন উপজেলা থেকে এ পর্যন্ত ৭৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে নতুন রোগীর বৃদ্ধি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামে আক্রান্ত রোগীদের জন্য ৪৪ শয্যার বিশেষ আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। রোগীদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে যাতে সংক্রমণ ছড়ানো না যায়।
বিজ্ঞাপন
জয়পুরহাট জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোছাঃ লিপি আক্তার জানান, শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন বলেন, “হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। জয়পুরহাটে এখন পর্যন্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।”
আরও পড়ুন: নবাবগঞ্জে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু
বিজ্ঞাপন
অভিভাবকরা জানিয়েছেন, হাসপাতালের হামের ওষুধ সবসময় সহজলভ্য না হওয়ায় সমস্যা হচ্ছে। তারা দ্রুত সরকারি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ওষুধ সরবরাহের দাবি জানান।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হাম সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মূলত শিশুদের মধ্যে বেশি ছড়ায়। তাই নিয়মিত টিকা প্রদান এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।








