Logo

দেশজুড়ে হামের ভয়াবহ রূপ, ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১৬:২৯
দেশজুড়ে হামের ভয়াবহ রূপ, ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে ধরা হয়েছে এবং একজনের ক্ষেত্রে হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ২৩৬ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জনে।

বিজ্ঞাপন

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২৪ জন। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৬ হাজার ৮৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৬৩৫ জন।

মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি ছয় জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলা পর্যায়েও ঢাকাতেই সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, গত এক দিনে নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

এ ছাড়া, একই ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি সময়ের শুরু থেকে এখন পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং সচেতনতা বৃদ্ধি জরুরি বলে বলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD