কিশোরগঞ্জে বাড়ছে হামের প্রকোপ, আতঙ্কে অভিভাবকরা

কিশোরগঞ্জে দিন দিন বাড়ছে হামের প্রকোপ, যা নিয়ে উদ্বেগে পড়েছেন অভিভাবকরা। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে চিন্তিত স্বাস্থ্য বিভাগও।
বিজ্ঞাপন
জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় অন্তত ৭৭ জন হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৪৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এদিকে, হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত একজন শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে।
জেলা সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা জানান, আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০টি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০টি এবং ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, জেলায় আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের প্রয়োজন অনুযায়ী ময়মনসিংহ বা ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। জেলা সদরে সংক্রমণের হার তুলনামূলক বেশি হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
হোসেনপুর উপজেলার চরপুমদী এলাকার একাধিক অভিভাবক জানান, তাদের সন্তানরা জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা নেওয়ার পর ধীরে ধীরে সুস্থ হচ্ছে। তারা চিকিৎসকদের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য বিভাগ জানায়, হামের টিকার কোনো ঘাটতি নেই। অভিভাবকদের সচেতন করতে লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম চালানো হচ্ছে। আগামী ২০ এপ্রিল হামের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টিকাদান কর্মসূচি আরও জোরদার করা হবে।
পরিস্থিতি মোকাবিলায় হামের চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটিও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।







