Logo

ইন্টার্ন চিকিৎসকদের চার দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল, ২০২৬, ১৬:০৪
ইন্টার্ন চিকিৎসকদের চার দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তারা এই আল্টিমেটাম ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে ইন্টার্ন চিকিৎসকরা সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি তুলে ধরেন। তাদের প্রধান দাবি, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে।

একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দুষ্কৃতিকারীদের পরিচয় প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ জারিরও দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

ইন্টার্ন চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, গত বুধবার (৮ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়ধারী কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালায় এবং সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়, যা ইতোমধ্যে তাদের বেশিরভাগ দাবিকে সুপারিশ আকারে অন্তর্ভুক্ত করেছে বলে জানান তারা।

তারা আরও বলেন, একই দিনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এ প্রেক্ষিতে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী সব ইন্টার্ন চিকিৎসক কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে সতর্ক করেন তারা।

বিজ্ঞাপন

এর আগে, টানা ৪৮ ঘণ্টার কর্মবিরতির পর শনিবার সকাল ১১টার দিকে নিরাপদ কর্মপরিবেশ ও হামলাকারীদের শাস্তির দাবিতে ঢাকা মেডিকেল কলেজের মিলন চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকসহ শিক্ষার্থীরা অংশ নেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD