Logo

চার সিটি কর্পোরেশনে হামের টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৩:০৫
চার সিটি কর্পোরেশনে হামের টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপে রাজধানী ঢাকাসহ চারটি সিটি কর্পোরেশন এলাকায় ১২ লাখের বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১২ এপ্রিল) সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল বস্তির এরশাদ মাঠে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পিছিয়ে থাকা ও ঝুঁকিপূর্ণ এলাকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এই কর্মসূচির বার্তা দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, হামের বিস্তার রোধে এই উদ্যোগ অত্যন্ত জরুরি। কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে স্থায়ী টিকাদান কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন অস্থায়ী কেন্দ্রও স্থাপন করা হয়েছে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় না আনলে হামের প্রাদুর্ভাব কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এ ক্ষেত্রে গোষ্ঠীগত রোগ প্রতিরোধ ক্ষমতা বা ‘হার্ড ইমিউনিটি’ অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (সাপ্তাহিক ছুটি ব্যতীত) টিকাদান কার্যক্রম চলবে।

এই ধাপে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকাতেও একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।

সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হলে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং শিশুস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD