Logo

দেশে পৌঁছাল হাম ও রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মে, ২০২৬, ১৯:২২
দেশে পৌঁছাল হাম ও রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন
ছবি: সংগৃহীত

দেশে নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করতে হাম-রুবেলাসহ বিভিন্ন রোগ প্রতিরোধী ভ্যাকসিনের একটি বড় চালান এসে পৌঁছেছে। এই চালানে হাম ও রুবেলার প্রায় ১৫ লাখ ডোজ টিকা অন্তর্ভুক্ত রয়েছে, যা সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া সংক্রমণ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বিজ্ঞাপন

বুধবার (৬ মে) সকাল প্রায় পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্যাকসিনের এই চালান এসে পৌঁছে। সেখানে উপস্থিত থেকে চালান গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে সম্প্রতি হামের সংক্রমণ কিছুটা বৃদ্ধি পাওয়ায় জরুরি প্রয়োজন বিবেচনায় দ্রুত এই ভ্যাকসিন আনা হয়েছে। নতুন এই সরবরাহ চলমান টিকাদান কার্যক্রমে বিদ্যমান ঘাটতি কমাতে সহায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিও টিকার পাশাপাশি বিসিজি, পেন্টাভ্যালেন্ট, নিউমোকক্কাল (পিসিভি) এবং টাইফয়েড প্রতিরোধী ভ্যাকসিনও অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে প্রায় ৯০ হাজার ডোজ টিটেনাস টিকাও এসেছে।

স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, দেশে টিকার কোনো দীর্ঘমেয়াদি সংকট থাকবে না। ইতোমধ্যে আরও বড় পরিসরে ভ্যাকসিন আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১০ মের মধ্যে হামসহ মোট ১০ ধরনের প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন চালান দেশের শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে টিকাদান কর্মসূচি নির্বিঘ্ন রাখতে সহায়ক হবে এবং সংক্রামক রোগ প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD