হামের বিষয় তদন্তে গঠন হবে দেশি-বিদেশি বিশেষজ্ঞ কমিটি

দেশে হামের বিস্তার, টিকার ঘাটতি এবং সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে হামের বর্তমান পরিস্থিতিও গুরুত্ব পায়।
ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে হামের সংক্রমণ যেভাবে ছড়িয়ে পড়ছে এবং টিকা সংকট নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা গভীরভাবে পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এতে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের জনস্বাস্থ্য ও টিকাবিষয়ক বিশেষজ্ঞদেরও অন্তর্ভুক্ত করা হবে।
বিজ্ঞাপন
তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, চলমান হামের প্রাদুর্ভাবে ইতোমধ্যে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, কেন টিকার সংকট তৈরি হলো, সরবরাহ ব্যবস্থাপনায় কোনো দুর্বলতা ছিল কি না কিংবা টিকাদান কর্মসূচিতে অবহেলা বা সমন্বয়হীনতা ছিল কি না—এসব বিষয় তদন্তে গুরুত্ব পাবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, তদন্তে যদি দায়িত্বে গাফিলতি, অনিয়ম বা অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সরকার মনে করছে, তদন্তের মাধ্যমে সংকটের প্রকৃত কারণ চিহ্নিত করা গেলে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে। পাশাপাশি জাতীয় টিকাদান কর্মসূচির সক্ষমতা বাড়ানোর বিষয়েও সুপারিশ আসতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।








