২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের সংক্রমণ ও এর বিভিন্ন উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ শিশুর শরীরে হামের সংক্রমণ কিংবা এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে, সেখানে ৩ শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১ জন করে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।
আবহাওয়ার পরিবর্তন ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হামের সরাসরি সংক্রমণে ৯৫ জন এবং হামের বিভিন্ন জটিল উপসর্গ নিয়ে ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৭ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর পাশাপাশি একই সময়ে আরও ৯২২ শিশুর শরীরে এই রোগের নানা উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৫৭৮ শিশুর হাম শনাক্ত হলো এবং ১ লাখ ১৮ হাজার ৫৭০ শিশুর শরীরে হামের লক্ষণ বা উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ লাখ ১ হাজার ২৬ শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৭ হাজার ৫৩২ শিশু ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে এখনো অনেক শিশু চিকিৎসাধীন রয়েছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, শিশুদের শরীরে জ্বর, র্যাশ, কাশি, চোখ লাল হওয়া কিংবা হামের অন্য কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একই সঙ্গে সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের টিকাদান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য বিভাগ।








