হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০ জনে।
বিজ্ঞাপন
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শুধু ঢাকাতেই হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫২৪ জন, রাজশাহীতে ২৩ জন, সিলেটে ১৫০ জন, চট্টগ্রামে ২৭৮ জন, বরিশালে ১৩১ জন, ময়মনসিংহে ৫৭ জন, খুলনায় ৮৮ জন এবং রংপুরে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫২ হাজার ১১৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।
বিজ্ঞাপন
এদিকে একই সময়ের হিসাবে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১২৪ জন।








