২৫ দিনেই ডেঙ্গু কেড়ে নিল ১১৪ জনের প্রাণ, বাড়ছে আতঙ্ক

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে। এর মধ্যে সেপ্টেম্বরের ২৫ দিনেই মারা গেছেন ১১৪ জন।
বিজ্ঞাপন
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ১০৪ জন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৬২ শতাংশ এবং নারী ৩৭ শতাংশ। বয়সভিত্তিক হিসাবে তরুণদের মধ্যে আক্রান্তের হার বেশি।
চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে। দুই সিটি করপোরেশনসহ এ বিভাগে এখন পর্যন্ত ১০২ জনের মৃত্যু হয়েছে। এরপর খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহে ২০ জন, বরিশালে ১৬ জন, রাজশাহীতে ১০ জন, রংপুরে চারজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
মাসভিত্তিক হিসাবেও ডেঙ্গুতে প্রাণহানির ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে মোট চারজনের মৃত্যু হয়। মার্চ ও এপ্রিল মাসে ডেঙ্গুতে কোনো প্রাণহানি না হলেও মে মাসে একজন এবং জুনে ১৩ জন মারা যান।
এরপর জুলাইয়ে ডেঙ্গুতে প্রাণহানি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ওই মাসে ৩৬ জনের মৃত্যু হয়। আগস্টে আরও ৪৩ জন মারা যান। আর সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই প্রাণ হারিয়েছেন ১১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষ করে চলতি সেপ্টেম্বর মাসে প্রাণহানির সংখ্যা আগের মাসগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।








