দেশে চালু হচ্ছে ‘পেপ্যাল’, বিশেষ কমিটি গঠন করেছে সরকার

আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘পেপ্যাল’ বাংলাদেশে চালুর সম্ভাবনা বাস্তবায়নে একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে দেশে ডিজিটাল লেনদেন ও বৈশ্বিক আর্থিক সংযোগ আরও সম্প্রসারিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। তিনি বলেন, পেপ্যাল চালুর জন্য কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কমিটি কাজ শুরু করেছে।
প্রধানমন্ত্রী আরও জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, হাইটেক পার্ক, সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারগুলো আরও কার্যকরভাবে পরিচালনার পাশাপাশি দেশে পেপ্যাল চালুর লক্ষ্যে নির্দিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যা সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয় ও অগ্রগতি ত্বরান্বিত করবে।
এর আগে ২ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে পেপ্যাল চালুর সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়নের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
কমিটিতে আরও রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, যিনি কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
কমিটির মূল দায়িত্বের মধ্যে রয়েছে বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় নীতিগত, কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা। সংশ্লিষ্ট পক্ষগুলো সমন্বিতভাবে কাজ করে দ্রুত সময়ের মধ্যে এ আন্তর্জাতিক পেমেন্ট সেবা চালুর পরিবেশ তৈরি করতে চায় বলে জানা গেছে।
পেপ্যাল চালু হলে অনলাইন ফ্রিল্যান্সিং, রেমিট্যান্স প্রবাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেন আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।








