Logo

দেশে মোবাইল ও ইন্টারনেট ব্যবহার বেড়েছে: বিবিএস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৩
দেশে মোবাইল ও ইন্টারনেট ব্যবহার বেড়েছে: বিবিএস
ছবি: সংগৃহীত

দেশে ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের হার আরও বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ ২০২৫-২৬’-এর চতুর্থ প্রান্তিকের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

রবিবার প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৫ বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর মধ্যে বর্তমানে ৮৯ দশমিক ৬ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করছেন। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এই হার ছিল ৮৮ দশমিক ২ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে মোবাইল ফোন ব্যবহারের হার বেড়েছে ১ দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট।

নিজস্ব মোবাইল ফোনের মালিকানার ক্ষেত্রেও বৃদ্ধি দেখা গেছে। আগের বছরের ৬৪ দশমিক ২ শতাংশ থেকে এই হার বেড়ে ৬৫ দশমিক ৬ শতাংশ হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইন্টারনেট ব্যবহারের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার ছিল ৫৫ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে তা বেড়ে ৫৯ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে ব্যক্তি পর্যায়ে কম্পিউটার ব্যবহারের হার ১১ দশমিক ৮ শতাংশ রয়েছে।

প্রায় সব খানায় মোবাইল ব্যবহারের সুযোগ

বিজ্ঞাপন

খানা পর্যায়ের তথ্যেও ডিজিটাল প্রযুক্তির বিস্তারের চিত্র পাওয়া গেছে। দেশের প্রায় ৯৯ শতাংশ খানায় অন্তত একটি মোবাইল ফোন ব্যবহারের সুযোগ রয়েছে।

স্মার্টফোনের উপস্থিতিও সামান্য বেড়েছে। আগের ৭৪ দশমিক ৮ শতাংশ থেকে তা বেড়ে ৭৫ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশের ৫৮ দশমিক ২ শতাংশ খানায় ইন্টারনেট সংযোগ রয়েছে। বিদ্যুৎ ব্যবহারের সুবিধা রয়েছে ৯৮ দশমিক ৬ শতাংশ খানায়। টেলিভিশন রয়েছে ৬০ দশমিক ১ শতাংশ, রেডিও ১৫ দশমিক ৩ শতাংশ এবং কম্পিউটার ব্যবহারের সুবিধা রয়েছে ৯ দশমিক ১ শতাংশ খানায়।

বিজ্ঞাপন

৬৪ জেলায় পরিচালিত জরিপ

বিবিএসের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন ‘ব্যক্তি ও খানা পর্যায়ে জেলাভিত্তিক আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ প্রকল্পের মাধ্যমে দেশের ৬৪ জেলায় জরিপটি পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তথ্য সংগ্রহে ব্যবহার করা হয়েছে কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউয়িং বা ক্যাপি পদ্ধতি। এপ্রিল থেকে জুন ২০২৬ পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে ২ হাজার ৫৬৮টি নির্বাচিত নমুনা এলাকার ৬১ হাজার ৬৩২টি খানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

বিবিএসের মতে, এই জরিপের তথ্য এসডিজি পর্যবেক্ষণ, জেলাভিত্তিক আইসিটি উন্নয়ন পরিকল্পনা তৈরি এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নকে (আইটিইউ) ২২টি সূচকের তথ্য সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

সামগ্রিকভাবে জরিপের পরিসংখ্যান বলছে, দেশে মোবাইল ফোনের ব্যবহার ইতোমধ্যে ব্যাপক পর্যায়ে পৌঁছানোর পরও ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারে আরও সম্প্রসারণ ঘটছে। একই সঙ্গে খানা পর্যায়ে স্মার্টফোন ও ইন্টারনেট সুবিধার বিস্তার ডিজিটাল সেবার ব্যবহার বাড়ার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা যাচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD