মুক্তির প্রথম দিনেই জিটিএ ৬-এর আয় ৪৪ হাজার কোটি টাকা

ভিডিও গেমের বাণিজ্যিক সাফল্যে নতুন মাইলফলক তৈরি করেছে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। প্রি-অর্ডার ও মুক্তির প্রথম দিনের বিক্রি মিলিয়ে গেমটির আয় দাঁড়িয়েছে ৩৭৯ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ হাজার কোটি টাকা। এই সাফল্যের মধ্য দিয়ে বিনোদনশিল্পের ইতিহাসে বড় ধরনের বিক্রির রেকর্ড গড়েছে গেমটি।
বিজ্ঞাপন
শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে জিটিএ ৬-এর নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের মূল কোম্পানি টেক-টু ইন্টারঅ্যাকটিভ। প্রতিষ্ঠানটির দাবি, যেকোনো মাধ্যমের বিনোদনজগতে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্বোধনী বিক্রি।
তবে প্রথম দিনে ঠিক কত কপি গেম বিক্রি হয়েছে, সে বিষয়ে কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি টেক-টু। প্রতিষ্ঠানটির এক মুখপাত্রও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
আয়ের দিক থেকে জিটিএ ৬ ছাড়িয়ে গেছে চলচ্চিত্রজগতের একাধিক আলোচিত বাণিজ্যিক সাফল্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বব্যাপী ২৫২ কোটি ডলার আয় করেছে। ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’র আয় ১৮০ কোটি ডলারের কিছু বেশি। অন্যদিকে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বক্স অফিস সংগ্রহ ছিল ২৯০ কোটি ডলার। জিটিএ ৬-এর প্রথম দিনের আয় এসব অঙ্ককেও ছাড়িয়ে গেছে।
বিজ্ঞাপন
গেমটি তৈরিতে এক দশকের বেশি সময় ব্যয় করেছে রকস্টার গেমস। নির্মাণ খরচ হয়েছে আনুমানিক ১৫০ কোটি ডলার। প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এস প্ল্যাটফর্মে প্রকাশিত গেমটির স্ট্যান্ডার্ড সংস্করণের দাম ৮০ ডলার। আর আলটিমেট সংস্করণ কিনতে গুনতে হচ্ছে ১০০ ডলার।
জিটিএ ৬-এর গল্প আবর্তিত হয়েছে জেসন ও লুসিয়া নামের দুই চরিত্রকে ঘিরে। কাল্পনিক অঞ্চল লিওনিডার অপরাধজগতের নানা ঘটনায় জড়িয়ে পড়ে তারা। গেমটির মূল কাহিনি শেষ করতে খেলোয়াড়দের প্রায় ৮০ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানা গেছে।
রকস্টার গেমসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্যাম হাউজার বলেছেন, ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ প্রকাশের মধ্য দিয়ে রকস্টার গেমসের নতুন অধ্যায় শুরু হলো। বিশ্বের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়দের কাছ থেকে পাওয়া সাড়ায় তারা কৃতজ্ঞ ও অভিভূত।
বিজ্ঞাপন
গেমটির বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি আলোচনায় এসেছে এর সংগীত তালিকাও। চার দশকের বেশি পুরোনো বাংলা গান ‘আজ শনিবার’ জায়গা পেয়েছে জিটিএ ৬-এর রেডিও স্টেশনে। কলকাতার সংগীতশিল্পী রূপা বিশ্বাসের গাওয়া গানটি এখন বিশ্বের বিভিন্ন দেশের গেমারদের কাছেও পৌঁছে যাচ্ছে।
১৯৮২ সালে রূপা বিশ্বাসের ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবামে প্রকাশিত হয়েছিল গানটি। এর সংগীতায়োজন করেছিলেন সরোদশিল্পী আশিস খান। ডিস্কো ও ফাঙ্ক সংগীতের ছন্দের সঙ্গে ভারতীয় ধ্রুপদি সংগীতের আবহ মিশিয়ে তৈরি গানটিতে বাংলা ও হিন্দি—দুই ভাষার কথাই রয়েছে।
জিটিএ ৬-এর ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ রেডিও স্টেশনে শোনা যাচ্ছে ‘আজ শনিবার’। আন্তর্জাতিক সংগীত, জ্যাজ ও হাউস মিউজিকের পাশাপাশি বিভিন্ন দেশের গান নিয়ে সাজানো হয়েছে স্টেশনটি। গেমের কাল্পনিক অঞ্চল লিওনিডায় গাড়ি চালানোর সময় খেলোয়াড়েরা রেডিওতে গানটি শুনতে পারবেন। স্টেশনটির দায়িত্বে রয়েছেন ব্রিটিশ ডিজে ও সংগীত উপস্থাপক জিলস পিটারসন।
বিজ্ঞাপন
সব মিলিয়ে জিটিএ ৬ শুধু বিক্রির রেকর্ড গড়েই আলোচনায় নেই; পুরোনো বাংলা গানকে আন্তর্জাতিক গেমিং পরিসরে পরিচিত করার ক্ষেত্রেও তৈরি করেছে নতুন সুযোগ। চার দশক আগে প্রকাশিত রূপা বিশ্বাসের গানটি এখন নতুন প্রজন্মের গেমারদের কাছেও পৌঁছে যাচ্ছে।








