স্পটিফাইয়ের গোপন ফিচার জানাবে প্রিয় গানের অজানা গল্প

বিশ্বজুড়ে গান শোনার অন্যতম জনপ্রিয় মাধ্যম স্পটিফাই। বিশাল সংগীত সংগ্রহ, ব্যক্তিগত পছন্দ অনুযায়ী গানের সুপারিশ এবং সহজ সার্চ সুবিধার কারণে প্রতিদিন অসংখ্য মানুষ প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন। তবে পছন্দের গান শোনার পাশাপাশি সেই গানের পেছনের গল্প, কারা এটি তৈরি করেছেন কিংবা শিল্পীর সঙ্গে অন্য সংগীতশিল্পীদের সম্পর্ক কী—এসব জানার সুযোগও রয়েছে স্পটিফাইয়ে। আর এ কাজটি সহজ করে দিতে পারে প্ল্যাটফর্মটির বিশেষ ফিচার ‘সংডিএনএ’ (SongDNA)।
বিজ্ঞাপন
স্পটিফাইয়ের সংগ্রহে রয়েছে প্রায় ১০ কোটি গান, ৮০ লাখ পডকাস্ট, ৮ লাখ অডিওবুক এবং প্রায় ২ লাখ ৫০ হাজার পেশাদার শিল্পীর কাজ। এত বিশাল সংগ্রহ থেকে নতুন গান কিংবা পরিচিত শিল্পীর অজানা সৃষ্টি খুঁজে বের করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। ব্যবহারকারীদের এই অনুসন্ধানকে আরও আকর্ষণীয় করে তুলতেই সংডিএনএর মতো ফিচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাধারণত স্পটিফাইয়ের সার্চবার কিংবা ব্যক্তিগত শ্রবণ অভ্যাসের ভিত্তিতে তৈরি সুপারিশ ব্যবহার করে নতুন গান খুঁজে নেন শ্রোতারা। কিন্তু সংডিএনএ গান শোনার অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এর মাধ্যমে একটি গানের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী, গীতিকার, সংগীত পরিচালক, প্রযোজকসহ বিভিন্ন ব্যক্তির পরিচয় এবং তাঁদের কাজের বিবরণ জানা সম্ভব।
সংডিএনএ যেভাবে ব্যবহার করবেন
বিজ্ঞাপন
ফিচারটি ব্যবহার করতে প্রথমে স্পটিফাই অ্যাপে পছন্দের কোনো গান চালু করতে হবে। এরপর ‘নাউ প্লেয়িং’ (Now Playing) মেনুতে প্রবেশ করে নিচের দিকে স্ক্রল করলে ‘সংডিএনএ’ কার্ড দেখা যাবে। সেখানে ‘এক্সপ্লোর’ (Explore) অপশনে চাপ দিলেই সংশ্লিষ্ট শিল্পী ও গান নিয়ে বিস্তারিত তথ্যের একটি আলাদা পেজ খুলবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই পেজে গানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিচয়, তাঁদের অবদান এবং অন্যান্য শিল্পী ও গানের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। ফলে একটি গান শুনতে শুনতেই সেই সংগীতের পেছনে থাকা বিস্তৃত জগৎ সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
টকিং হেডস ব্যান্ডের উদাহরণে ফিচারটির কার্যকারিতা
সংডিএনএর সুবিধা বোঝার জন্য জনপ্রিয় ব্যান্ড টকিং হেডসের উদাহরণ দেওয়া যেতে পারে। ব্যান্ডটির ‘অ্যান্ড শি ওয়াজ’ গানটি শুনতে গিয়ে কেউ যদি তাদের সংগীতজগৎ সম্পর্কে আরও জানতে চান, তাহলে এই ফিচারের সাহায্যে বেশ কিছু চমকপ্রদ তথ্য পাবেন।
বিজ্ঞাপন
সংডিএনএর তথ্য অনুযায়ী, টকিং হেডস মোট ৮২ জন শিল্পীর সঙ্গে কাজ করেছে এবং তাদের রেকর্ড করা গানের সংখ্যা ৪৯৪টি। ব্যান্ডটির উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘সাইকো কিলার-২০২৪ রিমাস্টার’ এবং ‘দিস মাস্ট বি দ্য প্লেস (নাইভ মেলোডি)-২০০৫ রিমাস্টার’।
এসব তথ্যের মাধ্যমে নতুন শ্রোতারা ব্যান্ডটির সংগীতজীবন, সহযোগী শিল্পীদের পরিচয় এবং জনপ্রিয় গানগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। পাশাপাশি বর্তমানে শোনা গানের অন্য সংস্করণ থাকলে সেটিও খুঁজে পাওয়ার সুযোগ রয়েছে।
গানের পেছনের মানুষদের পরিচয়ও জানা যাবে
বিজ্ঞাপন
সংডিএনএর অন্যতম আকর্ষণীয় দিক হলো, এটি শুধু গায়ক কিংবা ব্যান্ডের পরিচয় তুলে ধরে না; বরং একটি গান তৈরির পেছনে যাঁদের অবদান রয়েছে, তাঁদের সম্পর্কেও তথ্য দেয়।
যেমন, টকিং হেডসের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান গায়ক ডেভিড বাইর্ন ‘অ্যান্ড শি ওয়াজ’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সংগীত আয়োজন, লেখা, প্রযোজনা এবং গিটার বাজানোর কাজেও যুক্ত ছিলেন। ফিচারটির তথ্য অনুযায়ী, তিনি মোট ১ হাজার ৯৫৪টি গান রেকর্ড করেছেন। এর মধ্যে ৩৩৮টি গান তৈরি হয়েছে টকিং হেডসের সঙ্গে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া কোনো গানের পেছনে কাজ করা সাউন্ড ইঞ্জিনিয়ার, মিক্সার এবং ব্যাকিং ভোকালিস্টদের পরিচয়ও তুলে ধরতে পারে এই ফিচার। ফলে শ্রোতারা বুঝতে পারবেন, একটি গান তৈরি করতে শুধু শিল্পী নন, আরও অনেক দক্ষ মানুষের অবদান থাকে।
ভবিষ্যতে আরও সমৃদ্ধ হতে পারে সংডিএনএ
বিজ্ঞাপন
সংডিএনএ বর্তমানে স্পটিফাইয়ের পরীক্ষামূলক ফিচার হিসেবে রয়েছে। তাই সময়ের সঙ্গে এর কার্যকারিতা ও তথ্যের পরিধি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে গান তৈরির কারিগরি প্রক্রিয়া, সংগীত প্রযোজনার বিভিন্ন দিক এবং গানের কথার অন্তর্নিহিত অর্থের মতো বিষয় যুক্ত হলে এটি আরও কার্যকর হয়ে উঠতে পারে।
এ ছাড়া স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ ও স্মার্ট টিভির স্পটিফাই অ্যাপেও ফিচারটি চালু করার সুযোগ রয়েছে। এমনটি হলে বিভিন্ন ডিভাইসের ব্যবহারকারীরাও গান শোনার পাশাপাশি সংগীতের পেছনের গল্প জানার অভিজ্ঞতা পাবেন।
সব মিলিয়ে, সংডিএনএ স্পটিফাইকে শুধু গান শোনার প্ল্যাটফর্ম হিসেবে নয়, বরং সংগীত ও শিল্পীদের সম্পর্কে জানার একটি অনুসন্ধানমূলক মাধ্যম হিসেবেও প্রতিষ্ঠিত করার সম্ভাবনা তৈরি করেছে। পছন্দের গানের অজানা ইতিহাস জানতে আগ্রহী শ্রোতাদের জন্য ফিচারটি হতে পারে বাড়তি আকর্ষণ।
বিজ্ঞাপন
তথ্য সূত্র : বিজিআর








