Logo

ওপেনএআইকে টক্কর দিতে পারে চীনের কিমি কে৩ মডেল

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৬, ১৭:২৫
ওপেনএআইকে টক্কর দিতে পারে চীনের কিমি কে৩ মডেল
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে চীনের স্টার্টআপ মুনশট এআই (Moonshot AI)। প্রতিষ্ঠানটি তাদের নতুন এআই মডেল Kimi K3 উন্মোচন করে দাবি করেছে, এটি সক্ষমতার দিক থেকে ওপেনএআই ও অ্যানথ্রোপিকের শীর্ষস্থানীয় মডেলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। চলতি মাসের ২৭ জুলাই এটি ওপেন-সোর্স হিসেবে উন্মুক্ত করা হবে।

বিজ্ঞাপন

মুনশট এআই জানিয়েছে, Kimi K3-তে রয়েছে প্রায় ২.৮ ট্রিলিয়ন প্যারামিটার, যা একটি এআই মডেলের আকার ও তথ্য প্রক্রিয়াকরণ সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। কোডিং, যুক্তিভিত্তিক বিশ্লেষণ এবং জ্ঞানভিত্তিক বিভিন্ন কাজে মডেলটির প্রকৃত দক্ষতা ওপেন-সোর্স সংস্করণ প্রকাশের পর আরও স্পষ্ট হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ঘোষণা প্রমাণ করছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে চীনা প্রতিষ্ঠানগুলো দ্রুত অগ্রগতি করছে এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে ব্যবধান দ্রুত কমিয়ে আনছে। দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বে প্রচলিত ধারণা ছিল, এআই প্রযুক্তিতে চীন এখনও যুক্তরাষ্ট্রের তুলনায় পিছিয়ে রয়েছে। নতুন এই মডেল সেই ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির দাবি, Kimi K3 বিশ্বের প্রথম ওপেন-সোর্স এআই মডেল, যা প্রায় তিন ট্রিলিয়ন প্যারামিটারের শ্রেণিতে পড়ে এবং বাইরের ডেভেলপাররা এটি স্বাধীনভাবে ডাউনলোড, ব্যবহার ও নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন।

বিজ্ঞাপন

এ মডেল উন্মোচনের সময়টিও বিশেষ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার সাইবার নিরাপত্তা উদ্বেগের কারণে অ্যানথ্রোপিককে তাদের কিছু উন্নত এআই মডেল সাময়িকভাবে প্রত্যাহার করতে বাধ্য করেছিল। যদিও পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তবে ঘটনাটি উন্নত এআই প্রযুক্তিকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনার বিষয়টি সামনে নিয়ে আসে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রপ্তানি নিয়ন্ত্রণ ও প্রযুক্তিগত বিধিনিষেধ সত্ত্বেও চীনের প্রতিষ্ঠানগুলো নিজস্ব সক্ষমতায় দ্রুত উন্নত এআই প্রযুক্তি তৈরি করে যাচ্ছে। Kimi K3-এর আবির্ভাব সেই অগ্রগতিরই একটি উল্লেখযোগ্য উদাহরণ।

দেশটির প্রযুক্তি জায়ান্ট আলিবাবা ও টেনসেন্টের সমর্থনপুষ্ট মুনশট এআই অল্প সময়ের মধ্যেই চীনের জেনারেটিভ এআই খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কোম্পানির ভাষ্য অনুযায়ী, Kimi K3 এখন পর্যন্ত তাদের তৈরি সবচেয়ে শক্তিশালী ও সক্ষম ফ্ল্যাগশিপ এআই মডেল।

বিজ্ঞাপন

ওপেনএআই বা অ্যানথ্রোপিকের বদ্ধ (Closed-source) মডেলের বিপরীতে Kimi K3 উন্মুক্ত হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষক ও ডেভেলপাররা এটি নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন, উন্নয়ন এবং জটিল সফটওয়্যার তৈরিতে ব্যবহার করতে পারবেন।

মুনশট এআই আরও জানিয়েছে, মডেলটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে খুব কম মানব তত্ত্বাবধানেই প্রকৌশল, সফটওয়্যার উন্নয়ন ও জটিল বিশ্লেষণধর্মী কাজ দীর্ঘ সময় ধরে সম্পন্ন করতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বতন্ত্র মূল্যায়নকারী প্রতিষ্ঠান Artificial Analysis এবং Arena.ai-এর পরীক্ষায় Kimi K3-এর পারফরম্যান্স যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এআই মডেলগুলোর সমমানের বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ওয়েব ইন্টারফেস ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এটি শীর্ষ অবস্থান অর্জন করেছে এবং কিছু মানব-ভিত্তিক ব্লাইন্ড মূল্যায়নে অ্যানথ্রোপিকের মডেলকেও ছাড়িয়ে গেছে।

তবে এত বড় আকারের মডেল হওয়ায় এটি ব্যক্তিগত কম্পিউটারে চালাতে অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন হার্ডওয়্যার প্রয়োজন হবে। তবুও ওপেন-সোর্স হওয়ার কারণে এটি সিলিকন ভ্যালির প্রচলিত বাণিজ্যিক এআই ব্যবসায়িক মডেলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

Kimi K3 ঘোষণার পরপরই চীনের প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান Zhipu এবং MiniMax-এর শেয়ারবাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। হংকং শেয়ারবাজারে Zhipu-এর শেয়ারের দাম প্রায় ২৭ শতাংশ এবং MiniMax-এর শেয়ার প্রায় ১৬ শতাংশ পর্যন্ত কমে যায়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD