নয়াদিল্লি বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা

ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের পর নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মঙ্গলবার (১১ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
মার্কিন দূতাবাস দিল্লিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের লালকেল্লা ও চাঁদনি চকের আশপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানায়। একই সঙ্গে বড় জনসমাগম থেকে দূরে থাকা, স্থানীয় গণমাধ্যমে হালনাগাদ খবর পর্যবেক্ষণ করা এবং সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিস্ফোরণে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো এক্সে (সাবেক টুইটার) লিখেছে, ‘নয়াদিল্লির ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাই। নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
আরও পড়ুন: কেঁপে উঠল দিল্লি, বিস্ফোরণে নিহত অন্তত ৮
বিজ্ঞাপন
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়, তবে ভারত সরকার কয়েকটি রাজ্যে উচ্চ সতর্কতা জারি করেছে।
অন্যদিকে, যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। সীমান্ত এলাকায় সম্ভাব্য সশস্ত্র সংঘাতের আশঙ্কা তুলে ধরে এই পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া জম্মু ও কাশ্মিরের পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর শহর ও জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কসহ এলাকাগুলোতেও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেবল বিমানে করে জম্মু শহরে আসা-যাওয়া এবং শহরের অভ্যন্তরে চলাচলের অনুমতি থাকবে।
বিজ্ঞাপন
একই সঙ্গে, মণিপুর রাজ্যে চলমান সহিংসতা ও কারফিউয়ের কারণে সেখানেও জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য সরকার।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় গাড়িটিতে তিনজন ছিলেন। ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এটি আত্মঘাতী হামলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
এক কর্মকর্তা জানান, ‘বিস্ফোরিত গাড়িটি ছিল হুন্ডাই আই-২০। আহতদের শরীরে কোনো গুলির চিহ্ন নেই, যা এই ধরনের ঘটনায় অস্বাভাবিক। সবদিক থেকেই তদন্ত চলছে।’








