Logo

পশ্চিমবঙ্গে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ, পুলিশের ডিজি ও কমিশনারকে শোকজ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৯:৩৭
পশ্চিমবঙ্গে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ, পুলিশের ডিজি ও কমিশনারকে শোকজ
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের যুবভারতী ক্রীড়াঙ্গন (সল্টলেক স্টেডিয়াম) ঘিরে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। একই সঙ্গে ঘটনার দায়ে রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজি) রাজীব কুমার ও বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজ করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত যাতে নিরপেক্ষভাবে পরিচালিত হতে পারে, সেই স্বার্থে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস নিজ দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন।

পদত্যাগপত্রে অরূপ বিশ্বাস উল্লেখ করেন, গত ১৩ ডিসেম্বর কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফর উপলক্ষে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হয়, তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি গঠন করেছেন। নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান এবং মুখ্যমন্ত্রীর কাছে সেই অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, ঘটনার পর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, এটি একটি দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক ঘটনা। তিনি জানান, মুখ্যমন্ত্রী আগেই দুঃখপ্রকাশ করেছেন এবং নজিরবিহীনভাবে দুটি পৃথক তদন্তের নির্দেশ দিয়েছেন। একটি তদন্ত করবে পুলিশ, অন্যটি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটি।

কুনাল ঘোষ আরও বলেন, তদন্ত প্রক্রিয়া যাতে কোনোভাবেই প্রভাবিত না হয়, সে কারণেই অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিষয়টি বর্তমানে মুখ্যমন্ত্রীর বিবেচনাধীন রয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD