Logo

‘ক্যান্ডি শপ’ ঘিরে বিতর্কে নেহা কক্কর

profile picture
বিনোদন ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৩:১০
‘ক্যান্ডি শপ’ ঘিরে বিতর্কে নেহা কক্কর
ছবি: সংগৃহীত

মাস কয়েক আগেই বিদেশের মঞ্চে কনসার্ট করতে গিয়ে অপ্রত্যাশিত সমালোচনার মুখে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই আবার নতুন করে আলোচনায় উঠে এলেন তিনি। এবার বিতর্কের কেন্দ্রবিন্দু নেহা ও তার ভাই টনি কক্করের নতুন গান ‘ক্যান্ডি শপ’।

বিজ্ঞাপন

সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া এই মিউজিক ভিডিওতে নেহার নাচ ও অঙ্গভঙ্গি নিয়েই ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনদের একাংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার পারফরম্যান্সকে ‘অশালীন’ বলে আখ্যা দিয়েছেন। কারও কারও অভিযোগ, পশ্চিমা বা কোরিয়ান সংস্কৃতির অনুকরণ করতে গিয়ে নেহা ভারতীয় সাংস্কৃতিক আবহকেই উপেক্ষা করেছেন।

ভিডিও প্রকাশের পর থেকেই ফেসবুক ও ইনস্টাগ্রামে নেতিবাচক মন্তব্যের বন্যা বইছে। কিছু দর্শক আবার ব্যক্তিগত আক্রমণেও নেমেছেন—নেহার চেহারা ও বয়স নিয়ে কটাক্ষ করে প্লাস্টিক সার্জারি বা অস্ত্রোপচারের মতো অভিযোগ তুলছেন তারা।

বিজ্ঞাপন

একজন নেটিজেন মন্তব্য করেন, একজন বিবাহিত নারীর কাছ থেকে এ ধরনের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রত্যাশিত নয়।

আবার অন্যরা বলছেন, গানটিতে না আছে ভারতীয় সৌন্দর্য, না রয়েছে কোরিয়ান বা পাশ্চাত্য শৈলীর পরিপক্বতা।

বিজ্ঞাপন

সমালোচকদের মতে, নেহা কেবল ভাইরাল হওয়ার আশায় কিছু অদ্ভুত ও অপ্রয়োজনীয় নাচের স্টেপ ব্যবহার করেছেন, যা বরং দর্শকদের অস্বস্তিতে ফেলেছে। এই বিতর্কে নেহার সঙ্গে তার ভাই ও সুরকার টনি কক্করও সমালোচনার মুখে পড়েছেন।

নেটিজেনদের একাংশের দাবি, সংগীতের মান ও সৃজনশীলতার দিকে মনোযোগ দেওয়ার বদলে এই ভাই-বোন জুটি শরীরি প্রদর্শনকেই বেশি গুরুত্ব দিয়েছেন—যা তাদের প্রত্যাশিত মানের সঙ্গে খাপ খায় না।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD