Logo

বছরের শেষ দিনে ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ জানুয়ারি, ২০২৬, ১৪:১৩
বছরের শেষ দিনে ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
ছবি: সংগৃহীত

২০২৫ সালের শেষ দিন বুধবার (৩১ ডিসেম্বর) ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলবর্তী এলাকায়। ভূপৃষ্ঠের প্রায় ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।

সমুদ্র উপকূলের কাছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল হলেও এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। একই সঙ্গে ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

গত নভেম্বর ও ডিসেম্বর মাসে এ নিয়ে জাপানে মোট চারটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর আগে ৩০ নভেম্বর দেশটির দক্ষিণাঞ্চলীয় কিউশু প্রদেশের তোকারা দ্বীপে পরপর ৫ দশমিক ৬ ও ৪ দশমিক ৮ মাত্রার দুটি ভূমিকম্প হয়েছিল।

এরপর ৮ ডিসেম্বর উত্তরাঞ্চলীয় প্রদেশ হনশুতে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় অন্তত ৩০ জন আহত হন এবং জাপানের আবহাওয়া দপ্তর সুনামি সতর্কতা জারি করলে উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

ভৌগোলিকভাবে জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলার ওপর অবস্থিত হওয়ায় দেশটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। বিশেষজ্ঞদের মতে, জাপানে গড়ে প্রতি পাঁচ মিনিটে একটি করে ভূমিকম্প হয়। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর সংঘটিত মোট ভূমিকম্পের প্রায় ২০ শতাংশই ঘটে জাপানে।

উল্লেখ্য, জাপানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি সংঘটিত হয় ২০১১ সালের ১১ মার্চ। ৯ মাত্রার সেই ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে প্রাণ হারান প্রায় ২০ হাজার মানুষ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD