পাকিস্তানে পুলিশ স্টেশনের কাছে বিস্ফোরণ, বহু হতাহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ স্টেশনের কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত দুইজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বান্নু জেলার মিরিয়ান পুলিশ স্টেশনের সামনে মোটরসাইকেলে রাখা টাইম বোমা বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, স্টেশনের সামনে থাকা কয়েকটি দোকানের কাছে বিস্ফোরণটি ঘটে। পুলিশ সদস্যরা অক্ষত থাকলেও আশপাশের সাধারণ মানুষ হতাহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
মেডিকেল টিচিং ইনস্টিটিউশন (এমটিআই)-এর মুখপাত্র মুহাম্মদ নোমান খাত্তাব জানিয়েছেন, আহতদের জেলা সদর হাসপাতাল ও খলিফা গুল নওয়াজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেসকিউ ১১২২ কর্মকর্তারা জানান, জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায় এবং মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
ঘটনার পর বান্নু পুলিশের অতিরিক্ত সদস্য, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড (বিডিএস) ও কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। সম্ভাব্য আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না তা নিশ্চিত করতে বিডিএস সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান চালাচ্ছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে বান্নু জেলায় একাধিক নিরাপত্তা সংশ্লিষ্ট ঘটনা ঘটেছে। গত জানুয়ারিতে ডোমেল এলাকায় এক বিস্ফোরণে দুই কিশোর আহত হয়, যাদের একজন পরে মারা যায়। একই মাসে ডোমেলের সাবেক নাজিম ফিদা মুহাম্মদ খান ওয়াজির তার কার্যালয়ের বাইরে বোমা হামলায় আহত হন।








