ভোটে হেরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী

ভারতের তেলেঙ্গানায় পৌর নির্বাচনে পরাজয়ের পর এক অভিনব ও বিতর্কিত ঘটনায় তোলপাড় শুরু হয়েছে স্থানীয় রাজনীতিতে।
বিজ্ঞাপন
অভিযোগ উঠেছে, ভোটে হেরে যাওয়ার পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক প্রার্থীর স্ত্রী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের জন্য দেওয়া টাকা ফেরত চাইছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, খাতা-কলম হাতে নিয়ে ভোটারদের বাড়িতে যাচ্ছেন ওই নারী। তিনি ভোটারদের কাছে অর্থ ফেরতের দাবি করছেন এবং কারা সত্যিই ভোট দিয়েছেন তা যাচাই করতেও নানা প্রশ্ন করছেন।
বিজ্ঞাপন
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশনের ৯ নম্বর ডিভিশন থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জাদি তিরুপতি। নির্বাচনে তিনি মাত্র ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন।
ফল ঘোষণার পর অভিযোগ ওঠে, জাদি তিরুপতি ও তাঁর পরিবারের সদস্যরা সেই সব ভোটারের বাড়িতে যাচ্ছেন, যারা টাকার বিনিময়ে তাঁকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রার্থীর স্ত্রী রূপা ভোটারদের ঈশ্বরের নামে শপথ করিয়ে জানতে চাইছেন তারা ভোট দিয়েছেন কি না। অভিযোগ অনুযায়ী, যারা ভোট দেননি বলে সন্দেহ করা হচ্ছে, তাদের কাছ থেকে জনপ্রতি তিন হাজার রুপি করে ফেরত নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তেলেঙ্গানার রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এ ধরনের ঘটনা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী এবং এতে ভোটের স্বচ্ছতা ও নৈতিকতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে এসেছে।
ঘটনাটি নিয়ে এখনো সংশ্লিষ্ট প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।








