যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের

ইরানের ওপর যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে এবং তেহরান আনুষ্ঠানিকভাবে সহায়তা চাইলে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আফগানিস্তান। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রোববার (১৫ ফেব্রুয়ারি) এ কথা জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, ইরানের প্রতি আফগান জনগণের সহমর্মিতা থাকবে। তবে আফগানিস্তান যুদ্ধ চায় না; বরং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা যেন সংঘাতে রূপ না নেয়, সে প্রত্যাশাই তাদের।
মুজাহিদের ভাষ্য, ইরান সাম্প্রতিক সময়ে ধৈর্য ও সংযম দেখিয়েছে। দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে যে আলোচনা চলছে, তা শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি করবে বলেই আশা করছেন তারা।
বিজ্ঞাপন
গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ইরানকে চাপে রাখতে অঞ্চলটিতে যুদ্ধবিমানবাহী রণতরী USS Abraham Lincoln-সহ একাধিক মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। আরও একটি রণতরী সেখানে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
আলোচনা ভেস্তে গেলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে— এমন আশঙ্কা বাড়ছে। বার্তাসংস্থা Reuters সম্প্রতি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানো হতে পারে। যদিও ট্রাম্প আলোচনার মাধ্যমে সমাধানের আশা প্রকাশ করেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনার সফলতা নিয়ে সংশয় জানিয়েছেন।
সম্ভাব্য সংঘাত ঠেকাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তাদের আশঙ্কা, বড় ধরনের যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চলে অর্থনৈতিক ও মানবিক সংকট তৈরি হতে পারে।
বিজ্ঞাপন
এদিকে সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান ও ইরানের মধ্যে অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নত হয়েছে।
সূত্র: খামা প্রেস।








