Logo

মারা গেছেন কথাসাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:২৯
মারা গেছেন কথাসাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়
ছবি: সংগৃহীত

ভারতের প্রখ্যাত কথাসাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় আর নেই। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। পরিবার জানিয়েছে, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বিজ্ঞাপন

‘চৌরঙ্গী’, ‘কত অজানারে’, ‘সীমাবদ্ধ’ ও ‘জনঅরণ্য’—তাঁর সৃষ্ট উপন্যাসগুলো দীর্ঘ সময় ধরে বাঙালি পাঠকের মনে বিশেষ স্থান দখল করে আছে। সাধারণ মানুষের জীবনসংগ্রাম ও অন্তর্লোক তাঁর লেখায় গভীরভাবে প্রতিফলিত হয়েছে। স্বামী বিবেকানন্দকে ঘিরে তাঁর গবেষণা ও রচনাসমূহও সমাদৃত।

১৯৩৩ সালের ৭ ডিসেম্বর যশোরের বনগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কলকাতার হাওড়ায় স্থায়ী হন। সেখানেই বেড়ে ওঠা তাঁর। জীবনের বিভিন্ন সময়ে শিক্ষকতা ও হাইকোর্টপাড়ায় কাজ করলেও লেখালেখির প্রতি আকর্ষণ ছিল শৈশব থেকেই।

বিজ্ঞাপন

১৯৫৫ সালে ‘কত অজানারে’ প্রকাশের মধ্য দিয়ে সাহিত্যজগতে তাঁর পথচলা শুরু। ‘চৌরঙ্গী’ উপন্যাস তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। তাঁর ‘সীমাবদ্ধ’ ও ‘জনঅরণ্য’ উপন্যাস দুটি চলচ্চিত্রে রূপ দেন কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়। এই দুটি উপন্যাসের সঙ্গে ‘আশা আকাঙ্ক্ষা’ মিলিয়ে প্রকাশিত হয় ‘স্বর্গ মর্ত পাতাল’ ট্রিলজি।

কিশোর সাহিত্যে তাঁর সূচনা শারদীয়া আনন্দমেলায় প্রকাশিত ‘পিকলুর কলকাতাভ্রমণ’ অনু-উপন্যাস দিয়ে, যা পরে ‘খারাপ লোকের খপ্পরে’ নামে পরিচিত হয়। পরবর্তীতে আরও দুটি রচনা যুক্ত করে ‘এক ব্যাগ শংকর’ প্রকাশিত হয়। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি’, ‘বোধোদয়’, ‘এক দুই তিন’, ‘সার্থক জনম’ ও ‘চরণ ছুঁয়ে যাই’। ২০১৪ সালে প্রকাশিত ‘একা একা একাশি’ উপন্যাসের জন্য তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার লাভ করেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD