Logo

মিসরে সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:১৫
মিসরে সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত
ছবি: সংগৃহীত

মিসরের উত্তরপূর্বাঞ্চলীয় বন্দরনগরী পোর্ট সৈয়দ-এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে শহরের থার্টি জুন এক্সিস মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী একটি পিকআপের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নিহত ও আহতরা সবাই মৎস্যজীবী ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান। তাদের চিকিৎসা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পোর্ট সৈয়দ আদালতের সরকারি আইনজীবীর দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বরাতে মার্কিন সংবাদমাধ্যম Associated Press জানায়, একটি পিকআপ দুই কার্গো ট্রাকের মাঝখানে পড়ে গেলে সংঘর্ষের তীব্রতায় সেটি প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। দুর্ঘটনাস্থলের সড়কজুড়ে ছড়িয়ে পড়ে গাড়িটির ধ্বংসাবশেষ।

এদিকে গাজা বোর্ড অব পিসের বৈঠকে অংশ নিতে বর্তমানে ওয়াশিংটন ডিসি-তে অবস্থান করছেন মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বিজ্ঞাপন

মিসরে সড়ক দুর্ঘটনা একটি দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে ভারী যানবাহনের বেপরোয়া গতি, সড়ক অবকাঠামোর দুর্বলতা এবং ট্রাফিক আইন বাস্তবায়নের ঘাটতির কারণে প্রতিবছর দেশটিতে বহু প্রাণ ঝরে যাচ্ছে।

সূত্র : আলজাজিরা

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD