ওড়িশা উপকূলে ডুবে গেছে কার্গো জাহাজ, নিখোঁজ বাংলাদেশিসহ ২৪ নাবিক

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে বাংলাদেশি একজনসহ মোট ২৪ জন নাবিক ছিলেন। দুর্ঘটনার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।
বিজ্ঞাপন
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে জাহাজটি। এতে প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।
জাহাজের ২৪ জন ক্রুর মধ্যে ২০ জন চীনের নাগরিক, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের দিকে যাওয়ার সময় বঙ্গোপসাগরে জাহাজটির সঙ্গে দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শনিবার (২২ আগস্ট) বেলা ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে। পরে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য জানিয়ে উদ্ধার অভিযানে সহযোগিতা চায়।
বিজ্ঞাপন
এরপর নিখোঁজ নাবিকদের উদ্ধারে তৎপরতা শুরু করে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী। অভিযানে কোস্ট গার্ডের ভারাদ ও অনমোল নামে দুটি জাহাজ পাঠানো হয়েছে। পাশাপাশি শ্রী বিজয়পুরম থেকে বিজিত নামের আরও একটি জাহাজ উদ্ধারকাজে যুক্ত করা হয়েছে।
ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত একটি লাইফ র্যাফট থেকে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি নাবিকদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজগুলোকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজ নাবিকদের উদ্ধারে তাদেরও সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
জাহাজে থাকা বাংলাদেশি নাবিকের পরিচয় এবং তার বর্তমান অবস্থার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।








