বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সি নির্ধারণ মালয়েশিয়ার

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সি নির্ধারণ করেছে মালয়েশিয়া। দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) ওয়েবসাইটে এসব এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
তবে নতুন ব্যবস্থায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় নিয়োগ প্রক্রিয়া ঠিক কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ওয়েবসাইটে তালিকাটি কবে প্রকাশ করা হয়েছে, সেটিও উল্লেখ করা হয়নি। একই সঙ্গে নির্বাচিত এজেন্সিগুলো নতুন ব্যবস্থায় কীভাবে কাজ করবে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।
অতিরিক্ত অভিবাসন ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং কর্মীদের ওপর হয়রানির অভিযোগের পর ২০২৪ সালের জুনে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া।
এরপর চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে শ্রম অভিবাসনসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে বিদ্যমান সমঝোতা স্মারক পর্যালোচনা এবং সংশোধিত চুক্তি তৈরির লক্ষ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে দুই দেশ সম্মত হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে মালয়েশিয়া জানায়, বিদেশি কর্মী নিয়োগের জন্য কোটার আবেদন দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) ‘ই-কোটা’ মডিউলের মাধ্যমে প্রক্রিয়া করা হবে।
এর মধ্যেই এফডব্লিউসিএমএসের ওয়েবসাইটে নতুন করে বিভিন্ন দেশের রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। তবে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুরোপুরি চালু হওয়ার বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। আগের নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্যাগুলো ছিল, নতুন ব্যবস্থায় সেগুলোর সমাধান হবে কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে সরকার আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো ধরনের চুক্তি স্বাক্ষর, কর্মীদের পাসপোর্ট সংগ্রহ, স্বাস্থ্য পরীক্ষা বা অর্থ গ্রহণ না করতে রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মালয়েশিয়ার নির্ধারিত ২৫ বাংলাদেশি এজেন্সি হলো: বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, ইউনাইটেড গালফ সার্ভিসেস, অন্বেষা এয়ার ইন্টারন্যাশনাল, আত-ত্বাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-সুপ্ত ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিংকু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক, নেইবার অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।
এ তালিকায় বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনামের রিক্রুটিং এজেন্সির নামও রয়েছে।








